নভেম্বর ১৪, ২০২৬, ০৯:৫৭ এএম
দীর্ঘদিন খনন ও সংস্কারের অভাবে নাব্য হারিয়ে মরা খালে পরিণত হয়েছে ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলার ওপর দিয়ে প্রবাহিত খরস্রোতা কহুয়া নদী। পলি জমা, ময়লা-আবর্জনা এবং দখল-দূষণে ভরাট হয়ে যাওয়ায় শুষ্ক মৌসুমে এই নদীতে তীব্র সেচ সংকট দেখা দিয়েছে। ফলে বোরো আবাদ টিকিয়ে রাখতে নিজেদের অর্থায়নে কৃত্রিম বাঁধ দিয়ে সেচের পানির ব্যবস্থা করছেন স্থানীয় কৃষকরা।
ফেনী জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, মুহুরী নদীর মোহনা থেকে উৎপত্তি হওয়া কহুয়া নদীর গড়প্রস্থ ২৬ মিটার এবং অববাহিকার আয়তন ৬৫ বর্গকিলোমিটার। একসময় নদীর বুক চিরে পালতোলা নৌকা ও ট্রলার চলাচল করলেও বর্তমানে অধিকাংশ স্থানে চর জেগে উঠেছে। নদীর উত্তর কোলাপাড়া অংশ শুকিয়ে সরু খালে পরিণত হয়েছে এবং খন্দকিয়া সেতুর নিচে ময়লা-আবর্জনা জমে পানির গতিপথ রুদ্ধ হয়ে আছে।
স্থানীয় কৃষকদের অভিযোগ, মুহুরী ও কহুয়া নদীর মোহনা থেকে অপরিকল্পিত বালু উত্তোলনের ফলে নদীর গতিপথ পরিবর্তিত হয়েছে এবং মুহুরী নদীর গভীরতা বেড়ে যাওয়ায় পানি প্রবেশ করতে পারছে না। এছাড়া উজানে ভারতের অংশে বাঁধ দিয়ে পানি আটকে রাখার কারণে দুই উপজেলার প্রায় এক হাজার একর জমির বোরো আবাদ হুমকির মুখে পড়েছে।
পূর্ব ঘনিয়া মোড়া গ্রামের কৃষক মনির হোসেন জানান, প্রতি বছর বোরো মৌসুমে সেচের পানির সংকট দেখা দেওয়ায় কৃষকরা চাঁদা তুলে মুহুরী নদীর মোহনায় অস্থায়ী বাঁধ নির্মাণ করেন। নদীর স্বাভাবিক প্রবাহ থাকলে এই বাড়তি খরচ ও ভোগান্তি পোহাতে হতো না।
পরশুরাম উপজেলা কৃষি কর্মকর্তা মিজানুর রহমান জানান, বক্সমাহমুদ ইউনিয়নসহ আশপাশের বিস্তীর্ণ জমিতে কহুয়া নদীর পানি দিয়ে ধান ও সবজি চাষ করা হয়। নদী শুকিয়ে যাওয়ায় বর্তমানে কৃষকরা কৃত্রিম বাঁধের মাধ্যমে সেচকাজ চালাচ্ছেন।
তবে নদীটি পুনরুদ্ধারে আশার কথা শুনিয়েছে ফেনী পানি উন্নয়ন বোর্ড। পাউবোর নির্বাহী প্রকৌশলী মনিরুল ইসলাম জানান, একনেকে ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকার মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ ও সেচ প্রকল্প অনুমোদিত হয়েছে। এই প্রকল্পের আওতায় নদী ও জলাধার পুনঃখনন, বাঁধ পুনর্বাসন এবং নদীতীর সংরক্ষণ করা হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন