নভেম্বর ১৪, ২০২৬, ০৯:৪১ এএম
রাজধানীর হাজারীবাগের জিগাতলায় একটি আটতলা ভবনের ছাদ থেকে পড়ে রেদওয়ান ফেরদৌস খান নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে জিগাতলা কাঁচাবাজার নতুন রাস্তাসংলগ্ন ভবনে এই দুর্ঘটনা ঘটে। নিহত রেদওয়ানের বাড়ি মানিকগঞ্জের সিংগাইর উপজেলার রামকান্দাপুর গ্রামে এবং তাঁর বাবার নাম নাজির হোসেন খান। প্রায় সাত বছর আগে তাঁর মস্তিষ্কে টিউমারের অস্ত্রোপচার হয়েছিল বলে পরিবার জানিয়েছে।
পরিবারের ভাষ্যমতে, রেদওয়ান দীর্ঘদিন কাতারে ছিলেন এবং প্রায় সাত মাস আগে দেশে ফেরেন। শুক্রবার সকালে মাকে বাইরে যাওয়ার কথা বলে তিনি বাসা থেকে বের হন। কিছুক্ষণ পর স্বজনরা খবর পান যে তিনি ভবনের নিচে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে হাজারীবাগ থানা পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এদিকে রাজধানীর মোহাম্মদপুরে দুটি দেশীয় অস্ত্র ও ৩৮০টি ইয়াবাসহ ছিনতাইকারী চক্রের নেতা আলামিনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে এসআরবি-২। শুক্রবার মোহাম্মদপুর থানাধীন ৪০ ফিট সংলগ্ন লাউতলা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অপর দুজন হলেন আসলাম ও জুলহাস। বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-২-এর ক্রাইম প্রিভেনশন স্পেশাল কম্পানি কমান্ডার হাসান মোহতারিম।
অভিযানের সময় তাঁদের কাছ থেকে দুটি সামুরাই ও ৩৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানান হাসান মোহতারিম। তিনি উল্লেখ করেন, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মোহাম্মদপুরে ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিলেন এবং অপরাধীদের আশ্রয়-প্রশ্রয় দিতেন। মোহাম্মদপুর ও আদাবর এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় ছিনতাইকারী ও কিশোর গ্যাং বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
অন্যদিকে গাজীপুরের পুবাইলে ঢাকাগামী আন্ত নগর এগারোসিন্দুর গোধূলি এক্সপ্রেক্স ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে পুবাইল রেলওয়ে স্টেশন ছাড়ার পরপরই এই দুর্ঘটনা ঘটে। কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ট্রেনটিতে আগুন লাগার পর চালক তা থামিয়ে দেন। যাত্রী, ট্রেনের কর্মী ও স্থানীয়দের চেষ্টায় অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে এবং এতে কেউ হতাহত হননি।
ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ভৈরব রেলওয়ে থানার ওসি রফিকুল হাসান জানান, বিকল ইঞ্জিনটি সরিয়ে নেওয়ার পর ঢাকাগামী লাইনে রেল চলাচল স্বাভাবিক হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন