শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬,
শিক্ষা ও সংস্কৃতি

দিনাজপুরে অনুষ্ঠিত হলো শুদ্ধ জীবন ও সমৃদ্ধ পরিবার শীর্ষক প্যারেন্টিং কনফারেন্স

মো: মামুনুর রশিদ

নভেম্বর ১৪, ২০২৬, ০৩:৫১ পিএম

দিনাজপুরে অনুষ্ঠিত হলো শুদ্ধ জীবন ও সমৃদ্ধ পরিবার শীর্ষক প্যারেন্টিং কনফারেন্স

ছবি: দিনাজপুর টিভি

‘শুদ্ধ জীবন, সমৃদ্ধ পরিবার’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে প্যারেন্টিং কনফারেন্স ও কালচারাল ফেস্ট–২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সকালে বাংলাদেশ শিশু একাডেমি, দিনাজপুর জেলা শাখার হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি দুটি পর্বে অনুষ্ঠিত হয়, যার প্রথম পর্বে প্যারেন্টিং কনফারেন্স এবং দ্বিতীয় পর্বে মনোজ্ঞ কালচারাল অনুষ্ঠান পরিবেশিত হয়।

প্যারেন্টিং কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইন্টারন্যাশনাল পিস ফাউন্ডেশনের চেয়ারম্যান, বিশিষ্ট লেখক, সাহিত্যিক ও গবেষক এবং প্যারেন্টিং এক্সপার্ট ড. আহসান হাবীব ইমরোজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর অধ্যাপক ড. সামসুজ্জোহা এবং অত্র প্রতিষ্ঠানের উপদেষ্টা ও জাতীয় শিক্ষা সপ্তাহের জেলার শ্রেষ্ঠ শিক্ষক মুহাদ্দিস ডক্টর এনামুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লার্ন অ্যান্ড লিড ফাউন্ডেশন বাংলাদেশ-এর চেয়ারম্যান রাজীবুর রহমান পলাশ।

অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ সেক্রেটারি মো. সোহেল রানা। স্বাগত বক্তব্য রাখেন প্রিন্সিপাল মো. মোস্তাফিজুর রহমান এবং ভাইস প্রিন্সিপাল রাওফাত জাহান। উদ্বোধনী পর্ব শেষে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ কালচারাল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তিলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হওয়া এই পর্বে গান, নাটিকা, ইসলামিক গান, ডিসপ্লে ও রণসংগীত পরিবেশিত হয়।

প্যারেন্টিং কনফারেন্সের সঞ্চালনা করেন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সুলতানুর আরেফিন ও সপ্তম শ্রেণির শিক্ষার্থী আব্দুল্লাহ আল সাদাত। অন্যদিকে কালচারাল অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী স্মিতা মেহজাবিন ও রোকাইয়া জান্নাত মুক্তা। দিনব্যাপী এই আয়োজনে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানস্থল প্রাণবন্ত হয়ে ওঠে।