নভেম্বর ১৪, ২০২৬, ০২:০৭ পিএম
দিনাজপুরের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান ভৈরবীর উদ্যোগে বাংলাদেশ ধ্রুব পরিষদের পক্ষ থেকে পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে। গত শনিবার উত্তর জনপথ, নদী আর মাঠের দেশ, সবুজ ধানের শীষে—যেখানে বাতাস লেখে ভালোবাসার আবেশ, এমন এক শেকড়ের সন্ধানকে সামনে রেখে ভৈরবী সঙ্গীত শিক্ষা কেন্দ্রের আয়োজনে এই সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ভৈরবীর সভাপতি ও বিশিষ্ট শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী সুনীল মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর নাট্য সমিতির সাধারণ সম্পাদক রেজাউর রহমান রেজু, সম্মিলিত সাংস্কৃতিক জোট দিনাজপুরের সভাপতি সুলতান কামাল উদ্দিন বাচ্চু, ধ্রুব পরিষদ উত্তর পশ্চিমাঞ্চল দিনাজপুরের সভাপতি বিমান দাস এবং বৈকালী নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম। সনদপত্র বিতরণ শেষে ‘শেঁকড়ের সন্ধানে’ শিরোনামে গীতি নাট্য পরিবেশিত হয়। অনুষ্ঠান পরিচালনা করেন দুলাল বসাক। গ্রন্থনায় ছিলেন ভৈরবীর সাধারণ সম্পাদক রহমতুল্লাহ রহমত এবং উপস্থাপনা ও সহযোগিতার দায়িত্বে ছিলেন মারজিয়া খানম মৌ।
বক্তারা বলেন, ভাওয়াইয়া কেবল একটি গান নয়, এটি আমাদের শেকড়, আমাদের পরিচয় এবং উত্তরবঙ্গের মানুষের প্রাণের ভাষা। জীবন সংগ্রামের এক অনন্য সুরের নাম হলো ভাওয়াইয়া গান। এছাড়া নানী-নাতির মিষ্টি খুনসুটি, মাছ ধরার আনন্দ, কৃষকের সোনালী স্বপ্ন ও নবান্নের উৎসবের নানা পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন