শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬,

হরমুজে সুপারট্যাংকারসহ ৪ জাহাজে মাইনের আঘাতে আগুন

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ১৪, ২০২৬, ০১:১৭ পিএম

হরমুজে সুপারট্যাংকারসহ ৪ জাহাজে মাইনের আঘাতে আগুন

হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে সুপারট্যাংকারসহ অন্তত চারটি তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে প্রকাশিত ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনীর বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

আইআরজিসির দাবি অনুযায়ী, ক্ষতিগ্রস্ত জাহাজগুলো রাডার ও অবস্থান শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ রেখে গোপনে প্রণালিটি পার হওয়ার চেষ্টা করছিল। অনুমোদনহীন পথে চলাচলের সময় নৌমাইনে আঘাত লাগার পর সেগুলোতে বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়।

সামরিক বাহিনী ক্ষতিগ্রস্ত জাহাজগুলোর নাম, মালিকানা কিংবা কোন দেশের পতাকাবাহী, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি। তবে আইআরজিসির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে আঘাতপ্রাপ্ত জাহাজগুলোর মধ্যে অন্তত একটি ছিল সুপারট্যাংকার।

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে কৌশলগত এই নৌপথে জাহাজ চলাচলে কড়া বিধিনিষেধ আরোপ করেছে ইরান। দেশটির সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এই পথ ব্যবহার করতে হলে জাহাজগুলোকে ইরানের অনুমতি নিতে হবে।

এর আগে চলতি সপ্তাহে আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের প্রধান আলোচক মোহাম্মদ গালিবাফ জানিয়েছেন, হরমুজ প্রণালি আর কখনোই যুদ্ধ-পূর্ব অবস্থায় ফিরবে না। যুক্তরাষ্ট্র ইরানের দাবিগুলো মেনে নেওয়ার পরই কেবল প্রণালিটি পুনরায় খুলে দেওয়া হবে।