শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬,

হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ১৩, ২০২৬, ০৬:৪১ পিএম

হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

হরমুজ প্রণালীর ফাইল ছবি

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ মধ্যপ্রাচ্যের হরমুজ প্রণালীর আকাশসীমায় যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-১ প্রিডেটর ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের নৌবাহিনী। শুক্রবার স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে। পারস্য উপসাগরের এই জলপথটি বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত সংবেদনশীল হিসেবে পরিচিত।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থার বরাত দিয়ে জানা গেছে, দেশটির কোহস্তাক অঞ্চলের সিরিক উপকূলবর্তী এলাকায় ড্রোনটি ভূপাতিত করা হয়। তবে ঠিক কী পরিস্থিতিতে বা কোন প্রযুক্তির সহায়তায় এই মনুষ্যহীন আকাশযানটি নামানো হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।

ইরানের নৌবাহিনী জানিয়েছে, দেশের ভৌগোলিক অখণ্ডতা, সামুদ্রিক সীমান্ত এবং জাতীয় স্বার্থ রক্ষায় তারা যেকোনো মূল্যে প্রস্তুত। এ ধরনের কার্যক্রমে তারা এক মুহূর্তের জন্যও দ্বিধাবোধ করবে না বলে কঠোর হুশিয়ারি উচ্চারণ করা হয়েছে।

এদিকে ড্রোনটি ভূপাতিত হওয়ার পর এর ধ্বংসাবশেষের কিছু ছবি প্রকাশ করেছে ইরানের গণমাধ্যম। তবে প্রকাশিত ছবিগুলোর সত্যতা এবং ড্রোনটির পরিচয় নিরপেক্ষ কোনো সূত্র থেকে তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এই ঘটনার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা বক্তব্য পাওয়া যায়নি। ফলে এই পরিস্থিতিকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা তৈরির আশঙ্কা করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

তথ্যসূত্র: আল জাজিরা