শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬,
মধ্যপ্রাচ্য উত্তেজনা

বাহরাইনে মার্কিন রাডারে হামলার দাবি ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ১৩, ২০২৬, ০৩:৫৬ পিএম

বাহরাইনে মার্কিন রাডারে হামলার দাবি ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর

বাহরাইনে যুক্তরাষ্ট্রের আগাম সতর্কতামূলক রাডার স্থাপনায় হামলার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী। দক্ষিণ ইরানের হরমোজগান প্রদেশের একটি টেলিযোগাযোগ টাওয়ারে হামলার জবাবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। শুক্রবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিমে প্রকাশিত এক বিবৃতিতে এই দাবি করা হয়। এতে বলা হয়েছে, ইরানের আকাশসীমায় উসকানিমূলক তৎপরতা বন্ধ না হলে আরও কঠোর জবাব দেওয়া হবে।

ইরানের ফার্স সংবাদ সংস্থার দাবি, দেশটির মহাকাশ বাহিনী বাহরাইনের ওই রাডার স্থাপনায় হামলা চালিয়ে তা ধ্বংস করেছে। তবে এই বিষয়ে যুক্তরাষ্ট্র বা বাহরাইন সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

বাহরাইনের রাজধানী মানামায় যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর অবস্থিত। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর প্রথম দিকেও এই ঘাঁটিতে হামলা হয়েছিল।