নভেম্বর ১৩, ২০২৬, ০৬:২৪ পিএম
বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণ লাইনের পাশে থাকা গাছের ডালপালা কাটার জন্য রংপুর ও কুড়িগ্রামের বিভিন্ন এলাকায় আগামীকাল শনিবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। শুক্রবার পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)।
নেসকোর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুড়িগ্রাম শহরসহ জেলার নেসকোর আওতাধীন সব এলাকায় শনিবার সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে।
৩৩ কেভি সঞ্চালন লাইন এবং কুড়িগ্রাম শহরের সার্কিট হাউজ, বিজিবি, মোগলবাসা ও মেডিকেল পাড়াসহ বিভিন্ন এলাকায় ১১ কেভি বিতরণ লাইনের পাশে থাকা গাছের ডালপালা ছাঁটাই করা হবে। এই কারণে নেসকোর কুড়িগ্রাম বিক্রয় ও বিতরণ বিভাগের আওতাধীন সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হচ্ছে।
নেসকোর নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম জানান, নির্ধারিত দশ ঘণ্টার আগেও রক্ষণাবেক্ষণের কাজ শেষ হতে পারে। তবে স্থানীয় পর্যায়ে গ্রাহকদের বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করতে নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা বেশি সময় লাগতে পারে।
অপর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত রংপুর নগরীর নুরপুর ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখবে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি।
১১ কেভি নুরপুর ফিডারের আওতাধীন বিকন মোড়, ঠিকাদার পাড়া, পানাম মোড়, সিঙ্গার শোরুম, নেসকো অফিস-ওয়ান, নুরপুর, গুপ্তপাড়া, পুরাতন পাসপোর্ট অফিস, খরমপট্টি ব্রিজ, নার্সারি, মাছুয়াপাড়া, বৈরাগীপাড়া, কামালকাছনা, চিরার মিল, ভ্যাট অফিস জি এল রায় রোড এবং আড়ং শোরুমসংলগ্ন এলাকায় গাছের শাখা-প্রশাখা ছাঁটাই ও প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে। এ কারণেই শনিবার নির্দিষ্ট সময়ের জন্য এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন