নভেম্বর ১৩, ২০২৬, ০৫:০৯ পিএম
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীদের কার্যকর অংশগ্রহণ ও নেতৃত্ব নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ এবং পর্যাপ্ত অর্থায়ন জরুরি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, এ ক্ষেত্রে জেন্ডার-সংবেদনশীল জলবায়ু পরিকল্পনা, প্রাতিষ্ঠানিক সমন্বয় এবং পর্যাপ্ত অর্থায়নে গুরুত্ব দিতে হবে।
সম্প্রতি তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের ৩১তম জলবায়ু পরিবর্তন সম্মেলন বা কপ৩১-এর বাংলাদেশ প্যাভিলিয়নে অনুষ্ঠিত এক পার্শ্বীয় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং ইউএন উইমেন বাংলাদেশ যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে জলবায়ু পরিবর্তনসংক্রান্ত আন্তর্জাতিক কার্যক্রম আরও কার্যকরভাবে সমন্বয়ের লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি জলবায়ুবিষয়ক উইং প্রতিষ্ঠার কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, এটি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও নাগরিক সমাজের সঙ্গে সমন্বয় করে কাজ করবে। এ সময় তিনি জেন্ডারভিত্তিক পৃথক তথ্য-উপাত্ত সংগ্রহ এবং জলবায়ু অর্থায়নে নারীর কার্যকর প্রবেশাধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যুগ্মসচিব রুবিনা ফেরদৌসী। তিনি বাংলাদেশে জেন্ডার-সংবেদনশীল জলবায়ু অভিযোজন কার্যক্রম জোরদারে গৃহীত বিভিন্ন উদ্যোগ ও অগ্রগতি তুলে ধরেন। তিনি জানান, বাংলাদেশ ২০২৪ সালে জলবায়ু পরিবর্তন ও জেন্ডার কর্মপরিকল্পনা বা সিসিজিএপি গ্রহণ করেছে এবং বর্তমানে এর বাস্তবায়নে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা শক্তিশালী করা হচ্ছে।
এ লক্ষ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয় ও অধিদপ্তরে জেন্ডার ও জলবায়ু পরিবর্তনবিষয়ক ফোকাল পয়েন্ট প্রতিষ্ঠা করা হয়েছে। সেই সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব নির্ধারণ ও প্রশিক্ষণ প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। ইউএন উইমেন বাংলাদেশের প্রোগ্রাম বিশেষজ্ঞ দিলরুবা হায়দারের সঞ্চালনায় অনুষ্ঠানে একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।
এতে দেশি-বিদেশি বিভিন্ন সংস্থার প্রতিনিধি ও বিশেষজ্ঞরা অংশ নেন। আলোচনায় বক্তারা বলেন, জেন্ডার-সংবেদনশীল অভিযোজন কার্যক্রম বাস্তবায়নে সরকারি বাজেটের পাশাপাশি উন্নয়ন সহযোগী, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান এবং বেসরকারি খাতের বিনিয়োগ ও সহযোগিতা বাড়াতে হবে। বিশেষ করে জেন্ডার-সংবেদনশীল বাজেট প্রণয়ন এবং কার্যকর অর্থায়ন ব্যবস্থা গড়ে তোলার ওপর জোর দেওয়া হয়।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাভিদ শফিউল্লাহ বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে নারীরা বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় অভিযোজন কার্যক্রমে তাদের চাহিদা ও অগ্রাধিকারকে যথাযথ গুরুত্ব দিতে হবে। জেন্ডার-সংবেদনশীল জলবায়ু সুশাসন প্রতিষ্ঠায় বাংলাদেশের সিসিজিএপি একটি বাস্তবভিত্তিক কাঠামো হিসেবে কাজ করছে উল্লেখ করে বক্তারা কপ৩১-পরবর্তী সময়ে জেন্ডার-সংবেদনশীল জলবায়ু কার্যক্রম ত্বরান্বিত করতে সবার সমন্বিত উদ্যোগের আহ্বান জানান।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন