শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬,

ফ্ল্যাগশিপ ইলেকট্রিক এসইউভিতে চাকা লাগানোর ভুল স্বীকার বিওয়াইডি-র

তথ্যপ্রযুক্তি ডেস্ক

নভেম্বর ১৩, ২০২৬, ০৪:৪৯ পিএম

ফ্ল্যাগশিপ ইলেকট্রিক এসইউভিতে চাকা লাগানোর ভুল স্বীকার বিওয়াইডি-র

বিওয়াইডি-র ফ্ল্যাগশিপ ইলেকট্রিক এসইউভি গ্রেট ট্যাং।

চীনের শীর্ষস্থানীয় বৈদ্যুতিক যান নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি তাদের নতুন ফ্লাগশিপ ইলেকট্রিক এসইউভি গ্রেট ট্যাং বা দাতাং মডেলে চাকা সংযোজন সংক্রান্ত ত্রুটির কথা স্বীকার করেছে। সম্প্রতি বেশ কিছু ক্রেতা গাড়িটির সামনের ও পেছনের চাকা উল্টোভাবে লাগানোর অভিযোগ তোলার পর প্রতিষ্ঠানটি এই ত্রুটির কথা স্বীকার করে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছে। গাড়িটির পেছনের অংশে যে চওড়া রিম লাগানোর কথা ছিল, তা ভুলবশত সামনে লাগানো হয়েছে এবং সামনের চিকন রিমগুলো পেছনে বসানো হয়েছে বলে ক্রেতারা অভিযোগ করেন।

সামাজিক যোগাযোগমাধ্যম উইবোতে প্রকাশিত এক বিবৃতিতে চীনা এই অটোমেকার জানিয়েছে, গ্রাহকদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পরপরই তারা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে। তদন্তে জানা যায়, হুবেই প্রদেশে অবস্থিত তাদের একটি হুইল মেশ অ্যাসেম্বলি সরবরাহকারী প্রতিষ্ঠানের কারখানায় এই ত্রুটির সৃষ্টি হয়েছিল। বিওয়াইডি জানিয়েছে, তারা ইতিমধ্যেই এই সমস্যার সমাধান করেছে। ভবিষ্যতের উৎপাদনে এ ধরনের ভুল এড়াতে সংশ্লিষ্ট সরবরাহকারী প্রতিষ্ঠান তাদের উৎপাদন লাইনে অতিরিক্ত ভিজ্যুয়াল ইন্সপেকশন বা চাক্ষুষ পরিদর্শন ব্যবস্থা যুক্ত করেছে।

কতগুলো গাড়ি এই ত্রুটির শিকার হয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো সংখ্যা প্রকাশ করেনি বিওয়াইডি। তবে প্রতিষ্ঠানটি দাবি করেছে, চাকা উল্টোভাবে লাগানো হলেও এর ফলে গাড়ি চালনায় বড় ধরনের কোনো নিরাপত্তা ঝুঁকি তৈরি হয় না। তা সত্ত্বেও ক্ষতিগ্রস্ত গাড়িগুলোর রিম বিনামূল্যে পরিবর্তন করে দেওয়ার ঘোষণা দিয়েছে কোম্পানিটি। পাশাপাশি মেরামত চলাকালীন সময়ে গ্রাহকদের যাতায়াত খরচ বাবদ ক্ষতিপূরণ অথবা বিকল্প গাড়ির ব্যবস্থা করা হবে। এছাড়া গাড়িগুলোর ওয়ারেন্টির মেয়াদও নতুন করে শুরু করা হবে বলে জানানো হয়েছে।

চলতি বছরের মার্চ মাসে গ্রেট ট্যাং এসইউভি বাজারে আনে বিওয়াইডি, যার প্রারম্ভিক মূল্য প্রায় ৪০ হাজার মার্কিন ডলার। দেশের বাজারে আসার পর গাড়িটি ব্যাপক সাড়া ফেলে এবং এর ১ লাখ ৫০ হাজার অর্ডার জমা পড়ে। চলতি বছরের শেষ নাগাদ কিংবা আগামী বছরের শুরুর দিকে চীনের বাইরে ইউরোপ এবং এশিয়ার অন্যান্য বাজারেও এই বৈদ্যুতিক গাড়িটি উন্মোচনের পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। মান নিয়ন্ত্রণ নিয়ে যখন বিভিন্ন মহলে আলোচনা চলছে, ঠিক তখনই এই ত্রুটির বিষয়টি সামনে এল।