শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬,

ডেঙ্গুতে একদিনে আরও দুই মৃত্যু

স্বাস্থ্য ডেস্ক

নভেম্বর ১৩, ২০২৬, ০৪:২৭ পিএম

ডেঙ্গুতে একদিনে আরও দুই মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এই দুই মৃত্যুর মধ্য দিয়ে চলতি বছর মশাবাহিত রোগটিতে মোট প্রাণহানি বেড়ে ৪৮৩ জনে পৌঁছাল।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে মারা যাওয়া দুইজনই ঢাকা বিভাগের বাসিন্দা। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে এক হাজার ২৫৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ঢাকা বিভাগে।

গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগেই চার শতাধিক ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন হয়েছেন। পাশাপাশি খুলনা বিভাগে ১৬০ জন, চট্টগ্রাম বিভাগে ২৬৭ জন, বরিশাল বিভাগে ১৪৭ জন, রাজশাহী বিভাগে ৮৯ জন, ময়মনসিংহ বিভাগে ৭৬ জন, রংপুর বিভাগে ৭৬ জন এবং সিলেট বিভাগে ছয়জন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরের পয়লা জানুয়ারি থেকে ১৩ নভেম্বর পর্যন্ত পরিসংখ্যান অনুযায়ী, ডেঙ্গুতে মারা যাওয়া ৪৮৩ জনের মধ্যে শুধু ঢাকা বিভাগেই দুই সিটি করপোরেশনসহ মারা গেছেন ২৩৮ জন। এ ছাড়া খুলনা বিভাগে ৮৫ জন, চট্টগ্রাম বিভাগে ৪৭ জন, ময়মনসিংহ বিভাগে ৩৯ জন, বরিশাল বিভাগে ৩২ জন, রাজশাহী বিভাগে ৩০ জন, রংপুর বিভাগে আটজন এবং সিলেট বিভাগে চারজন মারা গেছেন।