শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬,

ধানমন্ডি ক্লাব মাঠে বিশেষ ডায়াবেটিস ক্যাম্প ও বিনামূল্যে চিকিৎসাসেবা

ফিচার ডেস্ক

নভেম্বর ১৩, ২০২৬, ০১:১৮ পিএম

ধানমন্ডি ক্লাব মাঠে বিশেষ ডায়াবেটিস ক্যাম্প ও বিনামূল্যে চিকিৎসাসেবা

ধানমন্ডি ক্লাব মাঠে আয়োজিত ডায়াবেটিস ক্যাম্প ও বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রমে উপস্থিত অতিথিরা।

রাজধানীর ধানমন্ডি ক্লাব মাঠে ডায়াবেটিসবিষয়ক বিশেষ স্বাস্থ্য ক্যাম্প ও বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং রোগটি সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়। ধানমন্ডি সোসাইটির উদ্যোগে আয়োজিত এই ক্যাম্পে সাধারণ মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শের ব্যবস্থা রাখা হয়। ছুটির দিনে অনুষ্ঠিত এই কার্যক্রমে এলাকার বিভিন্ন পর্যায়ের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

শুক্রবার সকালে ধানমন্ডি ক্লাব মাঠে আয়োজিত এ ক্যাম্পের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি সুস্বাস্থ্য বজায় রাখতে খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ, শারীরিক সক্রিয়তা ও মানসিক প্রশান্তির ওপর বিশেষ জোর দেন। ডায়াবেটিসসহ বিভিন্ন শারীরিক জটিলতার সঙ্গে হরমোনের ভারসাম্যহীনতার সম্পর্ক রয়েছে উল্লেখ করে তিনি জীবনযাপনে ইতিবাচক পরিবর্তন আনার আহ্বান জানান।

চিকিৎসকদের পেশাগত দায়িত্ব ও সেবার মনোভাবের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, চিকিৎসকেরা সমাজের বিশেষ সন্তান এবং তাদের পেশা কেবল অর্থ উপার্জনের মধ্যে সীমাবদ্ধ নয়। উন্নত বিশ্বের মতো ধাপে ধাপে চিকিৎসা নেওয়ার সংস্কৃতি দেশে এখনো পুরোপুরি গড়ে ওঠেনি এবং অনেক সময় চিকিৎসকদের রোগীদের পর্যাপ্ত সময় দেওয়ার সুযোগ থাকে না। এসব কারণে চিকিৎসক ও রোগীদের মধ্যে কিছু ক্ষেত্রে আস্থার সংকট তৈরি হয়, যা কাটিয়ে ওঠার ওপর তিনি গুরুত্ব আরোপ করেন।

অনুষ্ঠানে ধানমন্ডি সোসাইটির সভাপতি ডা. মোসাদ্দেক হাবির বলেন, এটি কোনো রাজনৈতিক সংগঠন নয়, বরং একটি আবাসিক এলাকার সামাজিক সংগঠন। অল্প কিছুদিন আগে যাত্রা শুরু করা এই সোসাইটির নির্বাচিত সদস্যরা নিজ নিজ দায়িত্ব ও সচেতনতা থেকে কাজ করছেন। সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এলাকার উন্নয়নে কাজ করাই সংগঠনটির মূল লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।

ক্যাম্পে উপস্থিত ডায়াবেটিস, থাইরয়েড ও হরমোন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. ফারুক পাঠান জানান, সারা বিশ্বের মতো বাংলাদেশেও ডায়াবেটিসের প্রকোপ আশঙ্কাজনক হারে বাড়ছে। বর্তমানে দেশে প্রায় তিন কোটি মানুষ এ রোগে আক্রান্ত এবং তাদের প্রায় ৯৫ শতাংশই টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত। অপরিকল্পিত নগরায়ণ ও অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসের কারণে এই রোগের ঝুঁকি দ্রুত বৃদ্ধি পাচ্ছে বলে তিনি সতর্ক করেন।

বিনামূল্যে আয়োজিত এই স্বাস্থ্য ক্যাম্পে এসে সেবা গ্রহণ করতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ রোগীরা। ডায়াবেটিস পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ নিতে আসা রহিমা খাতুন জানান, তার শরীরে ডায়াবেটিসের সমস্যা থাকায় এই ক্যাম্পটি তার জন্য বেশ উপকারে এসেছে। এ ধরনের জনকল্যাণমূলক স্বাস্থ্য ক্যাম্প নিয়মিত আয়োজনের দাবি জানান তিনি। আরেকনার্থী চাকরিজীবী আসিফ খান জানান, ব্যস্ততার কারণে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা সম্ভব হয় না বিধায় ছুটির দিনে এই ক্যাম্পের মাধ্যমে তিনি সহজেই রক্তে শর্করার মাত্রা পরীক্ষা করিয়ে নিতে পেরেছেন।