বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

২০৩০ সালের মধ্যে সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ: স্বাস্থ্যমন্ত্রী

ফিচার ডেস্ক

নভেম্বর ১১, ২০২৬, ০৩:৫৭ পিএম

২০৩০ সালের মধ্যে সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ: স্বাস্থ্যমন্ত্রী

শ্রীলঙ্কার কলম্বোয় বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলনে বক্তব্য দেন স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, ২০৩০ সালের মধ্যে সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা অর্জনে বাংলাদেশ দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভৌগোলিক অবস্থান ও সামাজিক মর্যাদা নির্বিশেষে দেশের প্রতিটি মানুষের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে। শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় অনুষ্ঠিত বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের প্রথম সম্মেলনে বক্তব্য প্রদানকালে তিনি এই কথা বলেন। বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের প্রথম এই সম্মেলনে সদস্য দেশগুলোর স্বাস্থ্য খাতের মন্ত্রী, নীতিনির্ধারক ও বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন। সম্মেলনে স্বাস্থ্য খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ অগ্রগতি ও ভবিষ্যতের পরিকল্পনা তুলে ধরেন মন্ত্রী।

বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী জানান, মাতৃমৃত্যু ও নবজাতকের মৃত্যুহার হ্রাস, পোলিওমুক্ত অবস্থা বজায় রাখা এবং টিকাদান কর্মসূচি বাস্তবায়নসহ বিভিন্ন স্বাস্থ্য সূচকে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী টিকার কভারেজ ২ শতাংশ থেকে বাড়িয়ে ৮৫ শতাংশের বেশি করা হয়েছে। চলতি নভেম্বরের মধ্যে শতভাগ কভারেজ অর্জনের লক্ষ্যে কাজ চলছে। টিকাদান কর্মসূচির এই সম্প্রসারণ দেশের নারী স্বাস্থ্য সুরক্ষায় একটি বড় পদক্ষেপ বলে তিনি উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার স্বাস্থ্য খাতের উন্নয়নে বাজেট দ্বিগুণ করে জিডিপির ১ দশমিক ০১ শতাংশে উন্নীত করেছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি উল্লেখ করেন, পর্যায়ক্রমে তা জিডিপির ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা জোরদার, প্রাথমিক স্বাস্থ্যসেবার সম্প্রসারণ এবং জনসচেতনতা বৃদ্ধিতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। স্বাস্থ্য খাতের অবকাঠামো ও সেবার মানোন্নয়নে সরকারের এই দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নের কাজ দ্রুত এগিয়ে চলছে।

দেশে ৪ হাজার ৬০০-এর বেশি ইউনিয়নে বহুমুখী স্বাস্থ্যকর্মীর সমন্বয়ে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র চালুর উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে সাখাওয়াত হোসেন বলেন, এ বছর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ৫০ শয্যা থেকে ১৫১ শয্যায় উন্নীত করা হচ্ছে। পাশাপাশি বড় সরকারি স্বাস্থ্যকেন্দ্রে সৌরবিদ্যুৎ ব্যবস্থা, ১৫টি বড় হাসপাতালে উন্নত মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা এবং ওয়ান হেলথ পদ্ধতি বাস্তবায়নে কাজ চলছে। তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বহুমুখী স্বাস্থ্যকর্মীদের সম্পৃক্ত করা হচ্ছে।

স্বাস্থ্যসেবার ডিজিটাল রূপান্তরে সমন্বিত ইলেকট্রনিক হেলথ রেকর্ড ব্যবস্থা ও ইউনিক ই-হেলথ আইডি চালুর উদ্যোগের কথাও তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী। আঞ্চলিক স্বাস্থ্য নিরাপত্তা জোরদারে বিমসটেকের আওতায় আঞ্চলিক জেনেটিক রোগ পর্যবেক্ষণ ও প্রাথমিক সতর্কতা ব্যবস্থা প্রতিষ্ঠার প্রস্তাব দেন তিনি। অসংক্রামক রোগ, জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স এবং মহামারি মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি মন্তব্য করেন। বিমসটেকভুক্ত দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা, উদ্ভাবন ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে এসব চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ একযোগে কাজ করতে প্রস্তুত রয়েছে বলে জানান তিনি।