সোমবার, ০২ নভেম্বর, ২০২৬,

গাজায় ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৮, পুলিশের ওপর সরাসরি ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ১, ২০২৬, ১১:৩৯ পিএম

গাজায় ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৮, পুলিশের ওপর সরাসরি ড্রোন হামলা

ছবি: সংগৃহীত

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক বাহিনীর পৃথক ড্রোন হামলায় চার বছরের এক শিশুসহ অন্তত আট ফিলিস্তিনি নিহত হয়েছেন। রোববার (১ নভেম্বর) খান ইউনিসের পশ্চিমে আল-মাওয়াসি শরণার্থী এলাকা ও উত্তর গাজার রিমাল এলাকায় এই প্রাণঘাতী আক্রমণগুলো চালানো হয়।

গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আল-মাওয়াসিতে দায়িত্ব পালনরত একদল পুলিশ সদস্যকে সরাসরি লক্ষ্যবস্তু করে ইসরায়েলি ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত এবং বেশ কয়েকজন গুরুতর আহত হন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদক হানি মাহমুদ জানিয়েছেন, পুলিশ সদস্যরা যখন নিয়মিত দায়িত্ব পালন করছিলেন, ঠিক তখনই তাদের লক্ষ্য করে এই অতর্কিত হামলা চালানো হয়।

এদিকে উত্তর গাজার গাজা সিটির রিমাল এলাকায় পরিচালিত অপর এক ড্রোন হামলায় চার বছরের একটি শিশুসহ অন্তত তিন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন বলে নিশ্চিত করেছে আল-শিফা হাসপাতাল কর্তৃপক্ষ।

একই দিনে এর আগে চালানো পৃথক আরেকটি হামলায় গুরুতর আহত আরও একজন চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সাম্প্রতিক এসব রক্তাক্ত অভিযানকে ‘পরিকল্পিত যুদ্ধাপরাধ’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হামাস। রোববার এক আনুষ্ঠানিক বিবৃতিতে সংগঠনটি অভিযোগ করে, সাধারণ পুলিশ সদস্য ও বেসামরিক নাগরিকদের ওপর পরিকল্পিত গণহত্যা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী।

গত বছরের অক্টোবরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা থাকলেও তা অগ্রাহ্য করে গাজাজুড়ে ধারাবাহিক সামরিক অভিযান অব্যাহত রেখেছে তেল আবিব। তথাকথিত যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এ পর্যন্ত ইসরায়েলি বাহিনীর গুলিবর্ষণে দেড় হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরের পর থেকে চলা ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত অন্তত ৭৪ হাজার ৫৯৪ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

তথ্যসূত্র: আল জাজিরা