নভেম্বর ১১, ২০২৬, ০৩:৩৩ পিএম
যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্ট এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের ব্যক্তিগত জীবন ও একটি সম্ভাব্য জাতীয় নিরাপত্তা সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে করপোরেট গভর্ন্যান্স বা শাসনব্যবস্থা নিয়ে বড় ধরনের প্রশ্ন তৈরি হয়েছে। গত কয়েক দিনে এই ঘটনার প্রভাবে কোম্পানির শেয়ারের দামে বড় পতন দেখা গেছে। এমন পরিস্থিতিতে কোম্পানির পরিচালনা পর্ষদ একটি অভ্যন্তরীণ তদন্ত পরিচালনার জন্য আইনি প্রতিষ্ঠান ওয়াচটেল, লিপটন, রোজেন অ্যান্ড কাটজকে নিয়োগ দিয়েছে।
কোম্পানির প্রধান নির্বাহী জেনসেন হুয়াং অ্যালিস হুয়াং নামের এক নারীর সাথে বৈবাহিক সম্পর্ক বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন বলে স্বীকার করেছেন। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর ধারণা, ওই নারী চীনের জন্য গুপ্তচরবৃত্তি করছিলেন। এই ঘটনার পর স্বাভাবিকভাবে ব্যবসা পরিচালনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রধান নির্বাহী। তবে করপোরেট শাসন নিয়ে গবেষণা করা বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের ঘটনার কোনো পূর্বদৃষ্টান্ত নেই।
ইউনিভার্সিটি অব কলোরাডোর আইন বিশেষজ্ঞ অ্যান লিপটন এবং ইউনিভার্সিটি অব শিকাগোর অধ্যাপক টড হেন্ডারসন মনে করেন, এই তদন্তের মাধ্যমে মূলত কয়েকটি বিষয় পরিষ্কার হওয়া প্রয়োজন। এর মধ্যে রয়েছে কোনো আইন ভঙ্গ হয়েছে কি না, অভ্যন্তরীণ নীতিমালা লঙ্ঘন করা হয়েছে কি না এবং পর্ষদকে কোনো তথ্য দিয়ে বিভ্রান্ত করা হয়েছিল কি না। এছাড়া অ্যালিস হুয়াং জেনসেন হুয়াংয়ের কাছ থেকে কোনো সংবেদনশীল তথ্য বা চিপ ডিজাইন সম্পর্কিত গোপন কিছু পেয়েছিলেন কি না, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এনভিডিয়ার স্বতন্ত্র পর্ষদ সদস্যদের তত্ত্বাবধানে পরিচালিত এই তদন্ত কতদূর এগোবে, তা নিয়ে বিশ্লষকরা বিভিন্ন মত দিয়েছেন। এদিকে শেয়ারহোল্ডাররা ইতিমধ্যে আইনগত পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছেন। সিকিউরিটিজ জালিয়াতি বা তথ্য গোপনের অভিযোগে মামলা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। যদিও কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় নিরাপত্তা বা কোম্পানির কোনো গোপনীয়তা ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই বলে তাদের কাছে কোনো প্রমাণ নেই।
এই সংকটের মধ্যে এনভিডিয়ার অভ্যন্তরীণ কাঠামো এবং উত্তরাধিকার পরিকল্পনা নিয়েও প্রশ্ন উঠেছে। প্রধান নির্বাহীর অধীনে সরাসরি কাজ করেন এমন কর্মকর্তার সংখ্যা অনেক বেশি, যা নিয়ে অতীতেও আলোচনা হয়েছে। এছাড়া পরিবারের সদস্যদের উচ্চ পদে রাখা নিয়েও করপোরেট সংস্কৃতির সুশাসন নিয়ে বিশেষজ্ঞরা মতভেদ প্রকাশ করেছেন। তবে জেনসেন হুয়াংয়ের হাতে কোম্পানির সিংহভাগ ভোটিং অধিকার না থাকায় পর্ষদের জন্য সিদ্ধান্ত নেওয়া তুলনামূলক সহজ হতে পারে বলে মনে করা হচ্ছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন