শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬,

জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবিলায় অনুদানের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী: রিজভী

জাতীয় ডেস্ক

নভেম্বর ১৩, ২০২৬, ০৯:১৭ এএম

জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবিলায় অনুদানের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী: রিজভী

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রেস ব্রিফিং করছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় ঋণের পরিবর্তে অনুদানভিত্তিক অর্থায়নের ওপর বিশেষ জোর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি স্পষ্ট করে বলেছেন, বাংলাদেশের ঋণের বোঝা বাড়াতে কোনো ঋণ নয়, বরং জলবায়ুর ঝুঁকি মোকাবিলায় অনুদান প্রয়োজন। তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১) অংশগ্রহণ শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।

রুহুল কবির রিজভী জানান, গত ৯ নভেম্বর প্রধানমন্ত্রীর নেতৃত্বে ২১ সদস্যের একটি প্রতিনিধি দল কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে রওনা হয়। সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের সরকারপ্রধান, রাষ্ট্রপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার উচ্চপর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন। এই বিশ্বমঞ্চে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশের প্রয়োজনীয়তা ও করণীয় বিষয়গুলো স্পষ্টভাবে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী।

তিনি আরও জানান, বিশ্ব উষ্ণায়নের ঝুঁকি কমাতে সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে পাঁচটি গুরুত্বপূর্ণ প্রস্তাব তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে জলবায়ু অর্থায়ন, ঋণ, অনুদান, নবায়নযোগ্য জ্বালানিতে অর্থায়ন এবং আধুনিক প্রযুক্তিতে প্রবেশাধিকার নিশ্চিত করা। এছাড়া গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমাতে আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গেও আলোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

দেশের অভ্যন্তরে জলবায়ু সংক্রান্ত বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে রিজভী বলেন, আগামী পাঁচ বছরে দেশে ২৫ কোটি বৃক্ষরোপণের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। ইতোমধ্যে গত সাত-আট মাসে প্রায় তিন থেকে চার কোটি গাছ লাগানো হয়েছে। সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান, বেসরকারি সংস্থা এবং স্কুল-কলেজের শিক্ষার্থীরা এই কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছে। বিশ্বজুড়ে তাপমাত্রা বৃদ্ধি ও তীব্র তাপপ্রবাহের কারণে প্রাণহানির ঘটনা উল্লেখ করে তিনি বলেন, এ পরিস্থিতি মোকাবিলায় বৈশ্বিক উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতা অত্যন্ত জরুরি।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানোর বিষয়ে তিনি জানান, শুক্রবার সকালে প্রধানমন্ত্রী, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের বহনকারী তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় বিমানবন্দরে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। প্রধানমন্ত্রীর এই সফরকে অত্যন্ত ফলপ্রসূ উল্লেখ করে রিজভী বলেন, এর মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা বিশ্বনেতাদের সামনে আরও জোরালোভাবে তুলে ধরা সম্ভব হয়েছে।