বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,

মন্ত্রীকে মধ্যরাতে ফোন করেও পাননি ডেপুটি স্পিকার

জাতীয় ডেস্ক

নভেম্বর ১২, ২০২৬, ১০:০৯ পিএম

মন্ত্রীকে মধ্যরাতে ফোন করেও পাননি ডেপুটি স্পিকার

জাতীয় সংসদ ভবন

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন লাগার খবর পেয়ে মধ্যরাতে স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী ও জ্বালানি প্রতিমন্ত্রীকে ফোন করেছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তবে তিন মন্ত্রীর কাউকেই ফোনে পাননি বলে জানান তিনি। বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে এ কথা জানান ডেপুটি স্পিকার। সংসদের দ্বিতীয় দফায় বিরোধীদলীয় চিফ হুইপ ও স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর স্পিকারের আসনে বসে এসব কথা বলেন তিনি।

ডেপুটি স্পিকার জানান, বুধবার রাতে দুঃখজনক ঘটনাটি ঘটার পর রাত একটার দিকে এক সহকর্মীর কাছ থেকে ফোন পান। এরপরই তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করেন। তাকে না পেয়ে আইনমন্ত্রীকে ফোন করেন। তাকেও পাননি। পরে রাত দুইটার দিকে জ্বালানি প্রতিমন্ত্রীকে ফোন করেও সাড়া পাননি। তিনি আরও বলেন, যখন একজন সংসদ সদস্যের বাড়িতে বা কোথাও একটা ঘটনা ঘটে, তখন বিষয়টি অত্যন্ত উদ্বেগের এবং এটি সবার ওপর প্রভাব ফেলে।

বিচার নিশ্চিতের বিষয়ে ডেপুটি স্পিকার বলেন, এ কারণেই সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন লাগার ঘটনা নিয়ে সংসদে কথা বলার সুযোগ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী তাৎক্ষণিকভাবে জানিয়েছেন, এ ঘটনায় তদন্ত চলছে। তাই তদন্ত শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করা উচিত। এরপর অপরাধীদের বিচারের আওতায় আনার বিষয়টি নিশ্চিত করতে হবে। দেরিতে হলেও বিষয়টি প্রশাসনের দৃষ্টিগোচর হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, রিপোর্ট ও সাধারণ ডায়েরির পরিপ্রেক্ষিতে মামলা দায়ের হবে, তদন্ত হবে এবং সেই মামলা পরিচালিত হবে। যদি মহান জাতীয় সংসদে কোনো সিদ্ধান্ত হয়ে থাকে, এখানে উপস্থাপনের জন্য, তখনই কেবল উপস্থাপন করা হবে। তদন্তের আগে কোনো সিদ্ধান্তে না পৌঁছে তদন্ত শেষ হওয়ার জন্য ধৈর্য ধরে অপেক্ষা করার আহ্বান জানান ডেপুটি স্পিকার।