বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,
বগুড়ার উন্নয়ন

বগুড়ার উন্নয়নে দুই হাজার সাতশ কোটি টাকার প্রকল্প একনেকে অনুমোদিত হয়েছে

জাতীয় ডেস্ক

নভেম্বর ১২, ২০২৬, ০৯:৩৬ পিএম

বগুড়ার উন্নয়নে দুই হাজার সাতশ কোটি টাকার প্রকল্প একনেকে অনুমোদিত হয়েছে

বগুড়ার উন্নয়নে দুই হাজার সাতশ কোটি টাকার প্রকল্প একনেকে অনুমোদিত হয়েছে। জেলার সাতটি সংসদীয় আসনে সমানভাবে এই উন্নয়ন প্রকল্পের বরাদ্দ বণ্টন করা হবে। চলতি মাসেই বগুড়া সফরে আসছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি সিরাজগঞ্জ-বগুড়া রেলপথ উদ্বোধন করবেন। একই সঙ্গে করতোয়া নদী ও খাল পুনঃখনন কাজের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বৃহস্পতিবার বগুড়ার একটি কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী চলতি সপ্তাহের শেষ দিকে অথবা মাসের শেষ দিকে বগুড়া সফর করবেন। দেশের উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এছাড়া বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষের বিষয়টি ইতিমধ্যে জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে এবং এটি পাস হলে নতুন কর্মসংস্থানের ব্যাপক সুযোগ সৃষ্টি হবে।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আরও বলেন, সবার ধৈর্য কিছুটা কম থাকে এবং অনেক সময় সবাই অস্থির হয়ে পড়েন। তবে উন্নয়ন তার নিজস্ব গতিতে এগিয়ে যাবে এবং উন্নয়নই জনগণকে খুঁজে নেবে। চলমান প্রকল্পগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী এবং উন্নয়ন কাজ নির্ধারিত সময়ে সমাপ্ত করতে অগ্রগতি সম্পর্কেও খোঁজ নিচ্ছেন। সরকারের বিশেষ কর্মপরিকল্পনা ও সমন্বিত কার্যকর উদ্যোগ ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।

দৈনিক বগুড়া পত্রিকার ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকীর এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কেক কাটেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। পত্রিকার প্রকাশক ও বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। অনুষ্ঠান পরিচালনা করেন বগুড়া প্রেস ক্লাব সভাপতি ও দৈনিক বগুড়া পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক রেজাউল হাসান রানু। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালুসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এদিকে দুপুরে স্থানীয় একটি হোটেলে বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির অভিষেক অনুষ্ঠানেও প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সেখানে আমিনুর রহমানের সভাপতিত্বে ছয়জন সাংবাদিককে মরণোত্তর পুরস্কার এবং ছয়জন গুণীজন সাংবাদিককে সংবর্ধনা দেওয়া হয়।