নভেম্বর ১২, ২০২৬, ০৮:১৩ পিএম
ভারতে ভূগর্ভস্থ অবকাঠামো নির্মাণের চাহিদা প্রতিনিয়ত বাড়ছে। এই সুযোগ কাজে লাগিয়ে টানেল বোরিং মেশিন বা টিবিএম তৈরিতে বিদেশি সরবরাহকারীদের ওপর নির্ভরতা কমানোর উদ্যোগ নিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত প্রকৌশল প্রতিষ্ঠান বিইএমএল লিমিটেড।
বিশেষ করে চীনের ওপর থেকে আমদানি নির্ভরতা কমাতে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে এই মেশিন তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে বিইএমএলের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক শান্তনু রায় জানিয়েছেন, শুরুতে মেট্রোরেল, জলবিদ্যুৎ, সেচ এবং পানি প্রকল্পের উপযোগী ছোট আকারের মেশিন তৈরির মাধ্যমে তারা এই যাত্রা শুরু করবেন এবং পরবর্তীতে বড় ও ভারী সরঞ্জাম উৎপাদনের দিকে এগোবেন। বিদেশ থেকে যন্ত্রাংশ এনে কেবল সংযোজন বা অ্যাসেম্বল করার পরিবর্তে নিজস্ব প্রযুক্তিগত সক্ষমতা গড়ে তোলাই এই কৌশলের মূল লক্ষ্য।
বাজারে প্রবেশের ক্ষেত্রে বিইএমএল সরাসরি সবচেয়ে বড় ও প্রযুক্তিগতভাবে জটিল শ্রেণির টিবিএম তৈরির প্রতিযোগিতায় নামছে না। বরং প্রাথমিক পর্যায়ে তারা সাড়ে তিন মিটার থেকে সাড়ে ছয় মিটার ব্যাসের মেশিন তৈরিতে মনোযোগ দেবে, যা মূলত শহুরে পরিবহন ও ইউটিলিটি প্রকল্পগুলোতে ব্যবহৃত হয়। এই কৌশলের ফলে প্রতিষ্ঠানটি আরও জটিল সরঞ্জাম উৎপাদনে যাওয়ার আগে শিল্পের একটি সীমিত পরিসরে নিজেদের সক্ষমতা যাচাই ও প্রতিষ্ঠা করার সুযোগ পাবে।
বিষয়টির ব্যাপ্তি বুঝতে হলে ভারতের প্রথম বুলেট ট্রেন করিডোরের মুম্বাই অংশের খননকাজের উদাহরণ টানা যায়, যেখানে প্রায় ১৩ দশমিক ৬ মিটার ব্যাসের কাটার হেডযুক্ত বিশালাকার টিবিএম ব্যবহৃত হচ্ছে। জার্মানির হেরেনকনেখট এজি চীনে অবস্থিত তাদের কারখানা থেকে এই মেশিনগুলো তৈরি করে সরবরাহ করেছে।
বিইএমএলের এই পরিকল্পনার অন্যতম প্রধান স্তম্ভ হলো বিদেশি যন্ত্রাংশ ও অ্যাসেম্বলি কিটের ওপর নির্ভর না করে নিজস্ব প্রযুক্তি উদ্ভাবন করা। শান্তনু রায় ব্লুমবার্গকে স্পষ্ট জানিয়েছেন, কোম্পানিটি এমন নিজস্ব প্রযুক্তি গড়ে তুলতে চায় যার মেধাস্বত্ব সম্পূর্ণভাবে ভারতের হাতেই থাকবে। এই মেশিন তৈরির পরিকল্পনা বাস্তবায়নে সহায়তার জন্য বিইএমএল একজন বৈশ্বিক পরামর্শকও নিয়োগ দিচ্ছে। আমদানি নির্ভরতা কমানোর লক্ষ্যে এই পদক্ষেপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ; কারণ বিদেশ থেকে আনা যন্ত্রাংশ জোড়া লাগালে দেশে উৎপাদন কার্যক্রম তৈরি হয় ঠিকই কিন্তু নিজস্ব প্রযুক্তি থাকলে পণ্যের ওপর প্রতিষ্ঠানের পূর্ণ নিয়ন্ত্রণ নিশ্চিত হয়। তিনি জানান, এই নতুন উদ্যোগের জন্য কোম্পানি ইতোমধ্যে তাদের কর্মপরিকল্পনা চূড়ান্ত করে ফেলেছে।
ভারতের অবকাঠামোগত ব্যয় বৃদ্ধির সাথে সাথে নির্মাণ সরঞ্জামের জন্য বিদেশি সরবরাহকারীদের ওপর দেশটির নির্ভরতাও পাল্লা দিয়ে বেড়েছে। সম্প্রতি চীন নির্দিষ্ট কিছু নির্মাণ সরঞ্জামের রপ্তানি নিয়ন্ত্রণ কঠোর করায় বিদেশি সরবরাহকারীদের ওপর নির্ভর করার ঝুঁকিগুলো আরও স্পষ্ট হয়ে উঠেছে।
তবে শান্তনু রায় উল্লেখ করেছেন, চীনের এই সাম্প্রতিক বিধিনিষেধ আরোপের অনেক আগে থেকেই বিইএমএলের এই পরিকল্পনা চলমান ছিল, যা দেশীয় উৎপাদনে প্রতিষ্ঠানটির দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গিরই প্রমাণ দেয়। অবশ্য ভারতের অন্যান্য কৌশলগত উৎপাদন খাতের অভিজ্ঞতা বলে দেয় যে আমদানির বিকল্প তৈরি করা মোটেও সহজ কাজ নয়।
উদাহরণস্বরূপ, বেইজিং নির্দিষ্ট কিছু উপাদান ও প্রযুক্তির রপ্তানি সীমিত করার পর ভারত রেয়ার-আর্থ ম্যাগনেট কর্মসূচি অনুমোদন করেছিল। কিন্তু ভারী শিল্প মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বিরল মৃত্তিকা উপাদানগুলোকে ধাতু, সংকর ধাতু এবং পূর্ণাঙ্গ চুম্বকে রূপান্তর করার মতো শিল্প-পর্যায়ের অবকাঠামো না থাকায় জুলাই মাস পর্যন্তও ভারতকে উচ্চ-ক্ষমতাসম্পন্ন নিওডিমিয়াম ম্যাগনেট আমদানি করতে হয়েছে। সৌর বিদ্যুৎ সরঞ্জাম উৎপাদনের ক্ষেত্রেও একই চিত্র দেখা যায়। সরকারি নীতি ও শিল্প সমীক্ষা অনুযায়ী, ভারত বিশাল সৌর-মডিউল উৎপাদন শিল্প গড়ে তুললেও এর প্রাথমিক কাঁচামাল ও সরঞ্জামের জন্য এখনো আমদানির ওপরই নির্ভরশীল। এই উদাহরণগুলো বিইএমএলের সামনের চ্যালেঞ্জগুলোকেই সামনে নিয়ে আসে, দেশীয় টিবিএম শিল্প গড়ে তুলতে কেবল উৎপাদন সক্ষমতাই যথেষ্ট নয় বরং এর জন্য প্রয়োজন গভীর প্রযুক্তিগত দক্ষতা এবং প্রতিষ্ঠিত বিদেশি পণ্যের সাথে পাল্লা দেওয়ার মতো মানসম্পন্ন মেশিন তৈরির সক্ষমতা।
তা সত্ত্বেও, ভারতের টানেলিং বাজারের প্রত্যাশিত সম্প্রসারণ বিইএমএলের এই পরিকল্পনাকে শক্তিশালী ভিত্তি দিচ্ছে। দেশটি বর্তমানে মেট্রো নেটওয়ার্ক, রেলপথ, জলবিদ্যুৎ প্রকল্প, সেচ ব্যবস্থা এবং কৌশলগত সড়ক অবকাঠামো নির্মাণে বিপুল বিনিয়োগ করছে। বিশেষ করে চীনের সাথে হিমালয় সীমান্তবর্তী দুর্গম অঞ্চলগুলোতে ব্যাপক আকারে সুড়ঙ্গ নির্মাণের প্রয়োজন হচ্ছে।
ভারতের সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি জানিয়েছেন, আগামী পাঁচ বছরে টানেলিং প্রকল্পগুলোতে ভারত ৯ দশমিক ৬ বিলিয়ন ডলার পর্যন্ত বিনিয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। শান্তনু রায়ের হিসাব অনুযায়ী, আগামী সাত থেকে আট বছরে ভারতের টিবিএম বাজার বার্ষিক প্রায় ১২ শতাংশ হারে বৃদ্ধি পেতে পারে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন