বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,

ডেইরি খাতের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি কার্বন নিঃসরণ কমানোর তাগিদ

জাতীয় ডেস্ক

নভেম্বর ১২, ২০২৬, ০৭:১৭ পিএম

ডেইরি খাতের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি কার্বন নিঃসরণ কমানোর তাগিদ

রাজধানীর লেকশোর গ্র্যান্ড হোটেলে অ্যানুয়াল গ্রিন ডেইরি পার্টনারশিপ সামিট অনুষ্ঠিত হয়।

দেশের ডেইরি খাতকে টেকসই, লাভজনক ও জলবায়ু-সহনশীল করতে উৎপাদনশীলতা বাড়ানোর পাশাপাশি গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানোর ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, এ লক্ষ্য অর্জনে আধুনিক প্রযুক্তি ব্যবহার, বিজ্ঞানসম্মত খামার ব্যবস্থাপনা, বর্জ্যের সুষ্ঠু ব্যবহার এবং দুধ সংগ্রহ ও সংরক্ষণব্যবস্থার উন্নয়ন অত্যন্ত জরুরি। রাজধানীর লেকশোর গ্র্যান্ড হোটেলে আয়োজিত অ্যানুয়াল গ্রিন ডেইরি পার্টনারশিপ সামিট ২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশের টেকসই, স্বল্প কার্বন নিঃসরণকারী ও কার্যকর দুগ্ধ খাতের অগ্রযাত্রা প্রতিপাদ্যে এই সম্মেলনের আয়োজন করা হয়। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। অনুষ্ঠানে দেশের ডেইরি খাতের বর্তমান পরিস্থিতি, চ্যালেঞ্জ ও উত্তরণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী জানান, দেশের অর্থনীতি, গ্রামীণ মানুষের জীবনজীবিকা ও পুষ্টি নিরাপত্তায় ডেইরি খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বর্তমানে দেশে বছরে প্রায় ১৫৭ দশমিক ৫৩ লাখ টন দুধ উৎপাদিত হচ্ছে। বিপরীতে জাতীয় চাহিদা রয়েছে ১৬২ দশমিক ৭৯ লাখ টন। এই ঘাটতি পূরণে কেবল দুধের উৎপাদন বাড়ালেই চলবে না, বরং উৎপাদনশীলতা বৃদ্ধি, সম্পদের দক্ষ ব্যবস্থাপনা, বাজারব্যবস্থার উন্নয়ন এবং পরিবেশবান্ধব খামার পরিচালনায় বিশেষ গুরুত্ব দিতে হবে। পশুখাদ্যের উচ্চমূল্য, কম উৎপাদনশীলতা, অপর্যাপ্ত কোল্ড-চেইন এবং বর্জ্য ব্যবস্থাপনার সীমাবদ্ধতা ডেইরি খাতের উন্নয়নে বড় বাধা হিসেবে কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি। গোবর থেকে বায়োগ্যাস ও জৈব সার উৎপাদন, সুষম পশুখাদ্য সরবরাহ এবং বিজ্ঞানসম্মত প্রজননের মাধ্যমে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব বলে তিনি মনে করেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, দেশে প্রায় ১৫ লাখ ক্ষুদ্র খামারি পরিবার দুগ্ধ খামারের মাধ্যমে তাদের নিয়মিত আয় নিশ্চিত করছে। এই খামার ব্যবস্থাপনায় গ্রামীণ নারীদের অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। পাশাপাশি দেশের তরুণেরা পশুখাদ্য উৎপাদন, কৃত্রিম প্রজনন, দুধ সংগ্রহ ও কৃষি-বাণিজ্যে নতুন সম্ভাবনা তৈরি করছেন। এই খামারি, নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য উন্নত প্রযুক্তি, পর্যাপ্ত প্রশিক্ষণ, সহজ শর্তে অর্থায়ন এবং বাজারসুবিধা নিশ্চিত করার ওপর জোর দেন তিনি। টেকসই ডেইরি খাত গড়ে তুলতে সরকার সহায়ক নীতিগত পরিবেশ তৈরিতে কাজ করে যাচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী। বিশেষ করে বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড আইন কার্যকর করা, দুধের মান ও নিরাপত্তা নিশ্চিত করা এবং ভেজাল প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এই সরকারি উদ্যোগের অন্যতম অংশ।

অনুষ্ঠানে খামারিদের উন্নয়নে গবেষণা ও উন্নয়ন সহযোগী সংস্থাগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, উন্নয়ন সহযোগী ও গবেষণা প্রতিষ্ঠানগুলোকে প্রাণিসম্পদ অধিদপ্তর এবং বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের সঙ্গে একযোগে প্রযুক্তি হস্তান্তর ও খামারিদের দক্ষতা উন্নয়নে কাজ করতে হবে। একই সঙ্গে দেশের দুগ্ধ প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানগুলোকে দুধ সংগ্রহ নেটওয়ার্ক আরও সম্প্রসারণ এবং ক্ষুদ্র খামারিদের সঙ্গে অংশীদারত্ব জোরদার করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. শাকিলা ফারুক এবং সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার কান্ট্রি ম্যানেজার সেলিম রেজা হাসানসহ খাতের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা।