শনিবার, ১০ অক্টোবর, ২০২৬,

ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র মোকাবিলার আহ্বান জানালেন প্রতিমন্ত্রী সালাউদ্দিন

জাতীয় ডেস্ক

অক্টোবর ১০, ২০২৬, ০৭:৪৫ পিএম

ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র মোকাবিলার আহ্বান জানালেন প্রতিমন্ত্রী সালাউদ্দিন

দেশ ও জাতির বিরুদ্ধে চলমান সব ষড়যন্ত্র প্রতিহত করতে দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন। একই সঙ্গে তিনি ভবিষ্যৎ টাঙ্গাইলকে একটি নিরাপদ জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। ঐতিহাসিক সন্তোষে মওলানা ভাসানীর আদর্শে দেশ পরিচালনার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।

শনিবার (১০ অক্টোবর) সকালে টাঙ্গাইলের সন্তোষ দরবার হলে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর সহধর্মিনী আলেমা খাতুন ভাসানীর ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক বিশেষ স্মরণসভা ও বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

রাজনীতিকে ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রেখে জনগণের কল্যাণে উৎসর্গ করার আহ্বান জানান তিনি।

প্রতিমন্ত্রী উল্লেখ করেন, রাজনৈতিক নেতৃত্বের মূল লক্ষ্যই হলো সাধারণ মানুষের মঙ্গলে কাজ করা এবং আত্মত্যাগ স্বীকার করা। আলেমা খাতুন ভাসানী জয়পুরহাটের পাঁচবিবির জমিদার-কন্যা হওয়া সত্ত্বেও নিজের প্রাচুর্য ত্যাগ করে আজীবন সাধারণ মানুষের মতো সাদামাটা জীবন যাপন করেছিলেন এবং মওলানা ভাসানীর প্রতিটি রাজনৈতিক সংগ্রামে পাশে থেকে ত্যাগ স্বীকার করেছেন।

মওলানা ভাসানী ফাউন্ডেশন আয়োজিত এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরিফুল আলম এবং বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. এ বি এম শহিদুল ইসলাম।

অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনা করেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও মওলানা ভাসানী ফাউন্ডেশনের মহাসচিব মাহমুদুল হক সানু। এ সময় ভাসানীর অনুসারী, বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শুরুর আগে মওলানা ভাসানীর মাজার প্রাঙ্গণে পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ এবং বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

আলেমা খাতুন ভাসানী ২০০১ সালের ৪ অক্টোবর মৃত্যুবরণ করেন। পরবর্তীতে মওলানা ভাসানীর মাজার শরিফের পাশেই তাকে সমাহিত করা হয়। তার স্মৃতিকে অম্লান রাখতে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্রী হলের নামকরণও করা হয়েছে এই মহীয়সী নারীর নামে।