নভেম্বর ২৪, ২০২৬, ০৯:০০ পিএম
বাল্যবিবাহ রোধে নারী ও পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর নির্ধারণের সুপারিশ করেছে জাতিসংঘের জনসংখ্যা তহবিল ও ইউনিসেফ। এ ছাড়া বাল্যবিবাহ নিরোধ আইনের ১৯ ধারা বাতিলসহ আইন সংস্কারে ছয়টি সুপারিশ তুলে ধরেছে সংস্থা দুটি।
মঙ্গলবার ঢাকায় সংবাদপত্র, টেলিভিশন, অনলাইন সংবাদমাধ্যম ও সংবাদ সংস্থার জ্যেষ্ঠ সম্পাদক এবং সাংবাদিকদের সঙ্গে এক আলোচনায় এসব প্রস্তাব তুলে ধরা হয়। এতে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-এর সীমাবদ্ধতা এবং প্রস্তাবিত সংস্কারে বাংলাদেশের মেয়েদের আইনি সুরক্ষায় কী পরিবর্তন আসতে পারে, তা নিয়ে আলোচনা হয়।
আগামী ২৭ নভেম্বর আন্তর্জাতিক বাল্য, অল্প বয়সে ও জোরপূর্বক বিয়ে বন্ধ দিবস সামনে রেখে আইন সংস্কারের সর্বশেষ তথ্য, প্রস্তাবিত পরিবর্তন এবং বাল্যবিবাহ বন্ধে গণমাধ্যমের ভূমিকা নিয়ে এ আলোচনার আয়োজন করে ইউএনএফপিএ।
আলোচনায় ইউএনএফপিএ ও ইউনিসেফের যৌথ আইনি পর্যালোচনার তথ্য উপস্থাপন করা হয়। ওই পর্যালোচনায় আইন ও ২০১৮ সালের বিধিমালার সীমাবদ্ধতা চিহ্নিত করা হয়েছে, যা মেয়েদের আইনি সুরক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে বাধা তৈরি করছে।
বাংলাদেশ বাল্যবিবাহ কমানোর ক্ষেত্রে অগ্রগতি অর্জন করলেও এ হার কমার গতি এখনো ধীর।
বাংলাদেশ মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে ২০২৫-এর তথ্য অনুযায়ী, ২০ থেকে ২৪ বছর বয়সী নারীদের মধ্যে ৪৭ দশমিক ২ শতাংশের ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই প্রথম বিয়ে হয়েছে। ২০১৯ সালে এ হার ছিল ৫১ দশমিক ৪ শতাংশ।
বর্তমানে বিবাহিত ১৫ থেকে ১৯ বছর বয়সী কিশোরীর হার একই সময়ে ৩২ দশমিক ৯ শতাংশ থেকে বেড়ে ৩৮ দশমিক ৯ শতাংশ হয়েছে বলে ওই তথ্যে উঠে এসেছে।
বাংলাদেশে ইউএনএফপিএর প্রতিনিধি ক্যাথরিন ব্রিন কামকং বলেন, বাংলাদেশে বাল্যবিবাহবিরোধী আইন রয়েছে। কিন্তু কোনো আইন তখনই মেয়েদের সুরক্ষা দিতে পারে, যখন তারা সে আইন সম্পর্কে জানবে এবং বিচারব্যবস্থা তাদের জন্য সহজলভ্য হবে ও পুরোপুরি জবাবদিহির আওতায় থাকবে।
বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ এবং বাল্যবধূদের বাস্তব জীবনের পরিস্থিতি নিয়ে নির্ভুল সংবাদ পরিবেশন নীতিনির্ধারকদের আইন সংস্কারের গুরুত্ব বুঝতে সহায়তা করবে বলে মন্তব্য করেন তিনি।
পাশাপাশি মেয়েদের শিক্ষা সম্পন্ন করতে এবং বাল্যবধূ ও মা হয়ে যাওয়ার পরিবর্তে নিজেদের কাঙ্ক্ষিত ভবিষ্যৎ গড়ে তুলতে সহায়তা করার গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বাড়বে বলে জানান ক্যাথরিন ব্রিন কামকং।
শিশু বয়সে বিয়ে হওয়া মেয়েদের এই আইনের আওতায় সরাসরি বিয়ে বাতিলের কোনো আইনি ব্যবস্থা নেই। তাদের ব্যক্তিগত আইনগুলোর ওপর নির্ভর করতে হয়, যেগুলোতে অনেক ক্ষেত্রে আইনি প্রতিকার সীমিত অথবা একেবারেই নেই।
পর্যালোচনায় আইন বাস্তবায়নের নানা সমস্যাও তুলে ধরা হয়েছে। এর মধ্যে জন্ম ও বিয়ে নিবন্ধন ব্যবস্থার দুর্বলতা, জাল জন্মসনদ, হলফনামার মাধ্যমে বিয়ে, বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির নিষ্ক্রিয়তা এবং সীমিতসংখ্যক মামলা দায়েরের বিষয় রয়েছে।
আইন সংস্কারে ইউএনএফপিএ ও ইউনিসেফের যৌথ ছয় সুপারিশের প্রথমটি হলো বাল্যবিবাহ নিরোধ আইনের ১৯ ধারা বাতিল করা। দ্বিতীয় সুপারিশে নারী ও পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর নির্ধারণের কথা বলা হয়েছে।
তৃতীয়ত, বাল্যবিবাহকে সংশ্লিষ্ট শিশুর ইচ্ছায় বাতিলযোগ্য করার বিধান রাখার প্রস্তাব করা হয়েছে। চতুর্থ সুপারিশে বাল্যবিবাহের ঘটনায় শিশুদের অপরাধের দায় থেকে অব্যাহতি দেওয়ার কথা বলা হয়েছে।
পঞ্চম সুপারিশ অনুযায়ী অভিযোগ দায়েরের সময়সীমা বাড়িয়ে ছয় বছর করার প্রস্তাব এসেছে। ষষ্ঠ সুপারিশে বাল্যবিবাহসংক্রান্ত মামলা পরিচালনায় আদালত, বিশেষ করে ভ্রাম্যমাণ আদালতের এখতিয়ার স্পষ্ট করার কথা বলা হয়েছে।
ইউএনএফপিএ আইন সংস্কার এগিয়ে নিতে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।
পাশাপাশি মেয়েদের বিদ্যালয়ে পড়াশোনা চালিয়ে যাওয়া নিশ্চিত করা, কিশোর-কিশোরীদের যৌন ও প্রজননস্বাস্থ্যবিষয়ক তথ্য ও সেবা পাওয়ার সুযোগ বাড়ানো এবং বাল্যবিবাহ টিকিয়ে রাখে এমন ক্ষতিকর সামাজিক রীতিনীতি পরিবর্তনে সরকার ও অন্যান্য অংশীজনের সঙ্গে কাজ করছে সংস্থাটি।
আলোচনায় অংশ নেওয়া গণমাধ্যমকর্মীরা বাল্যবিবাহ নিয়ে তথ্য-প্রমাণভিত্তিক ও নৈতিক সাংবাদিকতা আরও জোরদার করার এবং বাংলাদেশে বাল্যবিবাহ কমানোর উদ্যোগ ত্বরান্বিত করতে বৃহত্তর ভূমিকা রাখার অঙ্গীকার করেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন