নভেম্বর ২৪, ২০২৬, ০৮:৫৫ পিএম
সঠিক নীতিমালা ও সমন্বিত সামাজিক আন্দোলনের মাধ্যমে শিশুশ্রম বন্ধ করা সম্ভব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। মঙ্গলবার রাজধানীর গুলশানের একটি হোটেলে বাংলাদেশ লেবার ফাউন্ডেশন ও আন্তর্জাতিক শ্রম সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নতুন সরকার নয় মাস আগে দায়িত্ব নিয়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধসহ নানা বৈশ্বিক অস্থিতিশীলতার মতো জটিল পরিস্থিতির মধ্যে সরকার দায়িত্ব গ্রহণ করে।
তবে জনগণের ভোটে নির্বাচিত হওয়ায় সরকারের সবচেয়ে বড় শক্তি হলো জনগণের প্রতি সর্বোচ্চ জবাবদিহিতা ও দায়বদ্ধতা বলে উল্লেখ করেন তিনি।
নির্বাচনী ইশতেহারকে মূল ভিত্তি ধরে জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র পরিচালনা করছে সরকার। মাহদী আমিনের ভাষায়, শিশুশ্রম নিরসন ও শ্রমিকদের অধিকারের বিষয়গুলো ইশতেহারের সাথে সরাসরি যুক্ত থাকায় নানা সীমাবদ্ধতার মাঝেও এগুলো বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলায় অনানুষ্ঠানিক তৈরি পোশাক খাতে শিশুশ্রম কমানো সংক্রান্ত একটি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলা হয়।
শিশুশ্রম নিরসনে প্রণীত পাঁচ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা ইতোমধ্যে অনেকদূর এগিয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, সবাইকে সাথে নিয়ে টেকসই ও বাস্তবসম্মত উপায়ে এর বাস্তবায়ন নিশ্চিত করা হবে।
শুধু শ্রমঘন এলাকাগুলোতে বিচ্ছিন্নভাবে কাজ করে শিশুশ্রম সম্পূর্ণ নির্মূল করা সম্ভব নয়।
এর সাথে শিক্ষাব্যবস্থা সরাসরি যুক্ত বলে মনে করেন মাহদী আমিন। কোনো পরিবার যেন শিশুশ্রমে উৎসাহিত না হয়, সেজন্য প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাকে ঢেলে সাজানো হচ্ছে।
প্রাক-প্রথমিক পর্যায় থেকেই মিড-ডে মিল, স্কুল ড্রেস, পাটের তৈরি স্কুল ব্যাগ ও জুতা প্রদানের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সরকারের পাঁচ বছরের মেয়াদের মধ্যেই প্রাথমিক বিদ্যালয়ের এক কোটিরও বেশি শিক্ষার্থীর কাছে এই সুবিধাগুলো পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
পাশাপাশি সারাদেশে বৃত্তির সংখ্যা ও অর্থের পরিমাণ ব্যাপকভাবে বাড়ানো হয়েছে। নির্বাচনী ইশতেহার অনুযায়ী স্নাতক ডিগ্রি পর্যন্ত মেয়েদের অবৈতনিক শিক্ষার ঘোষণা এসেছে এবং ইতোমধ্যে এর কাজ শুরু হয়েছে বলে জানান মাহদী আমিন।
বেগম খালেদা জিয়ার সরকারের আমলে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মেয়েদের অবৈতনিক শিক্ষা চালু হয়েছিল। এবার সেটিকে স্নাতক পর্যায় পর্যন্ত উন্নীত করা হচ্ছে।
এ ছাড়া অষ্টম শ্রেণি পর্যন্ত অবৈতনিক শিক্ষা নিশ্চিত করার নীতিমালাও রয়েছে, যা আগামী অর্থবছর থেকেই প্রতিফলিত হতে শুরু করবে বলে জানানো হয়।
প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, কেবল অবকাঠামোগত উন্নয়নের চেয়েও এমন বিনিয়োগ করতে হবে, যার সুফল সরাসরি শিক্ষার্থীদের হাতে পৌঁছায়। নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষা খাতে বাজেট পর্যায়ক্রমে মোট দেশজ উৎপাদনের পাঁচ শতাংশে উন্নীত করার কাজ চলছে।
পরিবারগুলো যখন দেখবে সন্তানকে স্কুলে পাঠালে অর্থনৈতিক সহায়তা পাওয়া যাচ্ছে, শিক্ষা কোনো বোঝা হয়ে দাঁড়াচ্ছে না, তখন তারা স্বাভাবিকভাবেই সন্তানদের কলকারখানায় না পাঠিয়ে স্কুলে পাঠাবে।
শ্রেণিকক্ষে থাকার বয়সী শিক্ষার্থীরা যেন কারখানায় চলে না যায়, সেজন্য শিক্ষাপ্রতিষ্ঠানমুখী একটি ইকোসিস্টেম গড়ে তোলার আহ্বান জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই মুখপাত্র।
বাল্যবিবাহ প্রতিরোধের মতো শিশুশ্রম নিরসনেও বৃহত্তর সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর জোর দেন তিনি। পাশাপাশি শিক্ষকদের দক্ষতা বাড়িয়ে শিক্ষার গুণগত মান নিশ্চিত করার তাগিদ দেন।
পড়াশোনা শেষে বেকারত্বের শঙ্কা দূর করতে ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে। নবম ও দশম শ্রেণিতে সবার জন্য কারিগরি শিক্ষা নিশ্চিত করা হচ্ছে, যাতে শিক্ষাব্যবস্থার সাথে বাস্তব জীবনের সংযোগ স্থাপিত হয় বলে উল্লেখ করেন মাহদী আমিন।
শিশুশ্রমের পেছনে পারিবারিক দারিদ্র্য ও অভিভাবকদের কর্মসংস্থানের অভাব একটি বড় কারণ। বাবা-মায়ের ক্ষমতায়ন নিশ্চিত করতে সামষ্টিক অর্থনৈতিক প্রবৃদ্ধি, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং কলকারখানার প্রসার ঘটিয়ে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে বলে জানান তিনি।
সন্তানেরা শিল্পকারখানায় নয়, বরং শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে মানবিক মূল্যবোধ নিয়ে আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত হোক, এমন প্রত্যাশা ব্যক্ত করেন উপদেষ্টা।
তাঁর মতে, বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হলো তরুণ জনশক্তি। এই তারুণ্যের সৃজনশীলতা ও মেধার বিকাশ ঘটানোর জন্য প্রয়োজনীয় প্ল্যাটফর্ম ও ইকোসিস্টেম তৈরি করেই আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে বলে আশা প্রকাশ করেন মাহদী আমিন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন