বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬,

অকৃতকার্য শিক্ষার্থীদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করবে সরকার: মাহদী আমিন

জাতীয় ডেস্ক

নভেম্বর ৫, ২০২৬, ০৯:০০ পিএম

অকৃতকার্য শিক্ষার্থীদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করবে সরকার: মাহদী আমিন

পরীক্ষায় ভালো ফলাফল করতে না পারা কিংবা অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের কারিগরি শিক্ষা ও তৃতীয় ভাষা শিখিয়ে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা হবে। প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান-বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন এই কথা জানিয়েছেন।

তিনি বলেছেন, সবার প্রতিভা এক নয় এবং সবার কর্মজীবনও এক হবে না। সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো ঘোষণা করেছে যে, এসএসসি ও এইচএসসিতে যারা ভালো করতে পারছে না, তাদের মেধা বিকাশের সুযোগ তৈরি করে দেওয়া হবে।

রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬-এর একটি সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এই সামিটের আয়োজন করে।

ডিসিসিআইয়ের সাবেক সভাপতি রিজওয়ান রহমানের সঞ্চালনায় সেমিনারে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ড. সৈয়দ মুনতাসির মামুন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন।

বিদেশফেরত ও প্রবাসী মেধাবীদের প্রসঙ্গে উপদেষ্টা বলেন, দেশের বিনিয়োগ ও গবেষণায় তাদের যুক্ত করতে ব্রেইন ড্রেনকে ব্রেইন সার্কুলেশনে রূপান্তর করা হচ্ছে।

তরুণদের সম্ভাবনা কাজে লাগাতে স্টার্টআপ অর্থায়ন এবং এক লাখ উদ্যোক্তা তৈরির পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, এসএমই ও ক্ষুদ্র উদ্যোক্তাদের উপযোগী নীতিসহায়তা নিশ্চিত করা হবে। এর আগে সকালে এই সামিটের উদ্বোধন করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।