বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬,
রংপুর বাস টার্মিনাল

ফুটপাত দখল ও অটো পার্কিংয়ের যন্ত্রণায় অতিষ্ঠ রংপুর বাস টার্মিনাল পদক্ষেপ নিচ্ছে প্রশাসন

ইব্রাহীম খলিলুল্লাহ

নভেম্বর ৫, ২০২৬, ০৮:৩১ পিএম

ফুটপাত দখল ও অটো পার্কিংয়ের যন্ত্রণায় অতিষ্ঠ রংপুর বাস টার্মিনাল পদক্ষেপ নিচ্ছে প্রশাসন

ছবি: দিনাজপুর টিভি

যত্রতত্র অটো পার্কিং, রাস্তার ওপর গাড়ি ঘোরানো আর ফুটপাত দখল—সব মিলিয়ে চরম বিশৃঙ্খলার মধ্য দিয়ে চলছে রংপুরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা। এর ফলে প্রতিনিয়ত সেখানে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট, যা পথচারী ও সাধারণ নগরবাসীর ভোগান্তি বহুগুণ বাড়িয়ে দিয়েছে। দ্রুত রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করে যান চলাচল স্বাভাবিক করার জোরালো দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় এলাকাবাসী ও পথচারীরা তাদের প্রতিক্রিয়ায় জানান, ফুটপাত সম্পূর্ণ দখলমুক্ত করে ভাসমান ব্যবসায়ীদের অন্যত্র পুনর্বাসন করা জরুরি। পাশাপাশি অটোচালকদের জন্য সুনির্দিষ্ট বিকল্প পার্কিংয়ের ব্যবস্থা এবং একটি পূর্ণাঙ্গ নগর পরিকল্পনা বাস্তবায়ন করা না হলে এই এলাকায় দীর্ঘস্থায়ী যানজট ও জনদুর্ভোগ কমানো সম্ভব নয় বলে মনে করেন তারা।

এদিকে উদ্ভূত পরিস্থিতির বিষয়ে রংপুর মহানগরীর প্রশাসন ও সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, মহানগরীতে ফুটপাত দখলমুক্ত ও অবৈধ স্থাপনা উচ্ছেদে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। পর্যায়ক্রমে মহানগরীর সব ফুটপাত দখলমুক্ত করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা।

এ বিষয়ে রংপুর মহানগরের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী মো. শাহান জানান, অবৈধ দখল উচ্ছেদে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

দখলমুক্ত ফুটপাত, প্রশস্ত সড়ক আর নির্বিঘ্নে চলাচলের প্রত্যাশা এখন রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার বাসিন্দা ও পথচারীদের। কার্যকর ও টেকসই উদ্যোগের মাধ্যমেই এই জনদুর্ভোগের স্থায়ী অবসান হবে বলে প্রত্যাশা করছেন তারা।