নভেম্বর ৫, ২০২৬, ০৯:৩১ পিএম
কক্সবাজারের টেকনাফে লেদা নুরালীপাড়া পাহাড়ে জেলা পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযানে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে সেনাবাহিনীর এক সদস্যসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা নুরালীপাড়া রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকসংলগ্ন পাহাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, অপরাধী চক্রের আস্তানা গুঁড়িয়ে দিতে ওই এলাকায় যৌথ অভিযান চালানো হয়। এ সময় উপস্থিতি টের পেয়ে পাহাড়ি সন্ত্রাসীরা যৌথ বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও পাল্টা গুলি ছুড়ে।
উভয়পক্ষের মধ্যে চলা এই গোলাগুলির সময় গুলিতে সেনাবাহিনীর এক সদস্য আহত হন। পাশাপাশি অন্যান্য পক্ষের আরও কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
ঘটনার পর পরই ওই পাহাড়ি এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। বর্তমানে পুরো এলাকা ঘিরে রেখে চিরুনি অভিযান চলছে বলে জানা গেছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন