নভেম্বর ৫, ২০২৬, ১০:০৫ পিএম
সরকারি কর্মচারীদের বেতন গ্রেড ও বিভিন্ন ভাতা পর্যালোচনার সুনির্দিষ্ট দায়িত্ব পেয়েছেন ছয়জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। এই উদ্দেশ্যে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে আহ্বায়ক করে ছয় সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার।
বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয় এবং একই দিনে এবিষয়ে সরকারি গেজেটও প্রকাশ করা হয়।
গঠিত এই কমিটির অন্য সদস্যরা হলেন—স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এবং জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, সরকারি কর্মচারীদের বেতনস্কেলের বিভিন্ন অসংগতি নিয়ে প্রাপ্ত অভিযোগগুলো পর্যালোচনা করে তা নিষ্পত্তির বিষয়ে প্রয়োজনীয় সুপারিশ পেশ করবে এই কমিটি।
এছাড়া ভবিষ্যতে বেতন গ্রেড উন্নীতকরণ, অবনমন ও সামঞ্জস্য বিধানের বিষয়েও কাজ করবে তারা। সরকারি কর্মচারীদের জন্য নতুন করে ঝুঁকিভাতা এবং অন্যান্য ভাতা চালু করা, বিদ্যমান ভাতার হার কমানো বা বাড়ানোর বিষয়গুলো খতিয়ে দেখে সরকারের কাছে সুনির্দিষ্ট সুপারিশ দেবে কমিটি।
কমিটির কার্যক্রমে প্রয়োজনীয় সহায়তা দেবেন মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, অর্থ বিভাগের সচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা। প্রয়োজনে এই কমিটিতে নতুন সদস্য অন্তর্ভুক্ত করার সুযোগও রাখা হয়েছে।
প্রয়োজন সাপেক্ষে কমিটির সভা অনুষ্ঠিত হবে এবং অর্থ বিভাগ এই কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন