নভেম্বর ৫, ২০২৬, ১০:৪৬ পিএম
কৃষকের উৎপাদন খরচ কমাতে এবং সেচব্যবস্থা সচল রাখতে সৌরবিদ্যুতের ব্যাপক ব্যবহার নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহামুদ টুকু।
বৃহস্পতিবার বিকেলে নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ এবং সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিতকরণ বিষয়ক এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সরকার বর্তমানে বিদ্যুতের জন্য ভর্তুকি প্রদান করছে উল্লেখ করে বিদ্যুৎমন্ত্রী বলেন, আসন্ন মৌসুমে কৃষকদের ফসল উৎপাদনে পানির কোনো সংকট যেন না হয়, সে লক্ষ্যেই সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে এখন সোলারের মাধ্যমে আধুনিক সেচব্যবস্থা চালুর ওপর জোর দেওয়া হচ্ছে।
সভায় গ্যাসের নতুন সংযোগ ও সুষম বণ্টনের বিষয়েও কথা বলেন মন্ত্রী। তিনি জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই নতুন গ্যাস ফিল্ডগুলো থেকে গ্যাস উত্তোলনের কাজ শুরু হয়েছে। উত্তোলিত গ্যাস সুষমভাবে দেশজুড়ে বিতরণ করা হবে এবং এই বিতরণের আওতায় নাটোর জেলাও রয়েছে। এছাড়া শিল্প খাতের প্রসারের জন্যও পর্যাপ্ত গ্যাস সরবরাহ নিশ্চিত করা হবে।
নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সিংড়া-৩ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনু, জেলা প্রশাসক সুমনী আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আসমা খাতুন, জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীনসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন