বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬,

বিগত দুই সরকারের আমলের অনিয়ম ও দুর্নীতির তথ্য চেয়েছেন সংসদীয় কমিটি

জাতীয় ডেস্ক

নভেম্বর ৫, ২০২৬, ০৮:১৩ পিএম

বিগত দুই সরকারের আমলের অনিয়ম ও দুর্নীতির তথ্য চেয়েছেন সংসদীয় কমিটি

বিগত আওয়ামী লীগ সরকার এবং অন্তর্বর্তী সরকারের সময়ে মন্ত্রণালয় ও তার আওতাধীন বিভিন্ন দপ্তরে কোনো অনিয়ম-দুর্নীতি হয়ে থাকলে তার বিস্তারিত তথ্য চেয়েছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। একই সঙ্গে এসব অনিয়ম-দুর্নীতির বিষয়ে কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে, তা আগামী বৈঠকে উপস্থাপনের সুনির্দিষ্ট সুপারিশ করেছে কমিটি।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়।

বৈঠকে পার্বত্য অঞ্চলে প্রত্যাগত শরণার্থী ও গুচ্ছগ্রামে বসবাসরত অ-উপজাতীয়দের রেশন কার্ড বিতরণে দীর্ঘদিনের অনিয়ম দূর করার সুপারিশ করে কমিটি। প্রকৃত উপকারভোগীদের মধ্যে যাতে সঠিকভাবে রেশন কার্ড বিতরণ নিশ্চিত করা যায়, সে জন্য মন্ত্রণালয়কে জরুরি পদক্ষেপ নিতে বলা হয়েছে।

পাশাপাশি মন্ত্রণালয় ও এর অধীন বিভিন্ন দপ্তরে শূন্য পদগুলো এবং এসব পদ পূরণে ইতিমধ্যে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তার বিস্তারিত তথ্য আগামী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

এর বাইরে সাজেক পর্যটন কেন্দ্র ও সংলগ্ন ইস্যুতে সংশ্লিষ্ট ক্ষতিগ্রস্তদের বিষয়ে মন্ত্রণালয় কী ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে, তা আগামী বৈঠকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

পার্বত্য চট্টগ্রাম এলাকায় টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পে কর্মরত পাড়াকর্মীদের সম্মানী ভাতা বাড়ানোর জোরালো সুপারিশ করেছে কমিটি। সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে তাদের হ্রাসকৃত সম্মানী ভাতা একটি সম্মানজনক হারে উন্নীত করার কথা বলা হয়েছে।

বৈঠকে চলতি অর্থবছরে মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ করা বাজেটের বিভাজন ও সুষম বণ্টন, খাদ্যশস্য বরাদ্দে অনিয়ম, ব্যয় পরিকল্পনা এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এসব বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম দ্রুত গ্রহণে মন্ত্রণালয়কে বিভিন্ন সুপারিশ করেছে কমিটি।

আগামী ডিসেম্বর মাসে তিন পার্বত্য জেলা পরিষদ, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডকে নিয়ে যৌথ বৈঠক ও মাঠ পরিদর্শনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সংসদীয় এই কমিটি।

কমিটির সভাপতি আবদুল ওয়াদুদ ভূঁঞার সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু, কমিটির অন্যান্য সদস্য মোস্তফা কামাল পাশা, দীপেন দেওয়ান, শাহজাহান চৌধুরী, মোহাম্মদ জহিরুল ইসলাম ও মাছুম মোস্টফা অংশগ্রহণ করেন। এ ছাড়া সভায় মন্ত্রণালয়ের সচিব, সংশ্লিষ্ট বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।