অক্টোবর ৩, ২০২৬, ০৬:০৮ পিএম
বাংলাদেশে বিদেশি পর্যটকদের আগমন বাড়াতে ভিসা প্রক্রিয়া সহজ করার জোরালো প্রস্তাব দিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। একই সঙ্গে দেশের পর্যটন খাতের সার্বিক উন্নয়নে প্রধানমন্ত্রী, মন্ত্রণালয়, সংশ্লিষ্ট সরকারি সংস্থা ও খাতের অংশীজনদের নিয়ে একটি উচ্চপর্যায়ের গোলটেবিল বৈঠকের আয়োজন করার প্রস্তাব দিয়েছেন কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকী।
শনিবার বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত আলোচনা সভা ও বাংলাদেশ পর্যটন পুরস্কার প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেন, পর্যটন খাতকে এগিয়ে নিতে কেবল আনুষ্ঠানিক আলোচনা যথেষ্ট নয়, বরং এর জন্য সমন্বিত উদ্যোগ ও বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করা জরুরি। বিশ্বের বিভিন্ন দেশ পর্যটনকে অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে বিবেচনা করে বিদেশি পর্যটকদের আকর্ষণে নানা ধরনের সুযোগ-সুবিধা প্রদান করছে। বাংলাদেশের অপার পর্যটন সম্ভাবনাকে সঠিকভাবে কাজে লাগাতে হলে এ দেশেও একই ধরনের কার্যকর পদক্ষেপ নেওয়া আবশ্যক।
বিদেশি পর্যটকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়ে সংসদীয় কমিটির পক্ষ থেকে সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরার কথা জানান তিনি। কমিটি এ বিষয়ে বিস্তারিত আলোচনা করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠাবে বলে উল্লেখ করেন তিনি। প্রস্তাব পাওয়ার পর দ্রুত তা বাস্তবায়নের কার্যকর উদ্যোগ নিতে পর্যটন মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান সংসদীয় কমিটির সভাপতি। পাশাপাশি বাংলাদেশে আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্র গড়ে তোলার অপার সম্ভাবনার কথাও তুলে ধরে তিনি বলেন, মালয়েশিয়ার বিখ্যাত গেন্টিং হাইল্যান্ডের আদলে বাংলাদেশেও বিশ্বমানের বিনোদন ও পর্যটনকেন্দ্র গড়ে তোলা সম্পূর্ণ সম্ভব। দেশের উদীয়মান পর্যটন খাতকে এগিয়ে নিতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।
পর্যটন খাতের উন্নয়নে সরকারি প্রতিষ্ঠান ও বেসরকারি অংশীজনদের পাশাপাশি কাজ করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার এবং স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। এছাড়া বিশেষ অতিথি হিসেবে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুর রউফ, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান এবং ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি জি এম আজিজুর রহমান অনুষ্ঠানে অংশ নেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন