নভেম্বর ২৪, ২০২৬, ০৭:৫৩ পিএম
বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত করার জন্য কানাডাকে অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। কানাডার গ্লোবাল অ্যাফেয়ার্সের ইন্দো-প্যাসিফিকবিষয়ক সহকারী উপমন্ত্রী ওয়েলডন এপ মঙ্গলবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এই অনুরোধ করেন।
দুই দেশের দীর্ঘস্থায়ী বন্ধুত্বপূর্ণ সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন প্রতিমন্ত্রী। বিশ্বব্যাপী গণতন্ত্র ও মানবাধিকার সমুন্নত রাখতে কানাডার ভূমিকার প্রশংসা করেন তিনি।
কানাডায় বসবাসরত বাংলাদেশি সম্প্রদায় দুই দেশের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করছে বলে উল্লেখ করেন শামা ওবায়েদ ইসলাম।
অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বিষয়ে প্রধানমন্ত্রীর রূপকল্প তুলে ধরেন তিনি। সৃজনশীল অর্থনীতির গুরুত্ব, বিশেষ করে এতে নারীদের ভূমিকার ওপর জোর দেন প্রতিমন্ত্রী।
২০২৫ সালে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় চার দশমিক শূন্য বিলিয়ন কানাডিয়ান ডলারে পৌঁছেছে বলে সন্তোষ জানান তিনি। বাণিজ্যকে আরও বৈচিত্র্যময় করা এবং কানাডা থেকে আরও বিনিয়োগ আনার আহ্বান জানান শামা ওবায়েদ ইসলাম।
কৃষি, জ্বালানি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, শিক্ষা, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়নে সহযোগিতার ওপরও গুরুত্ব দেন তিনি।
কানাডার উন্নয়ন সহায়তার প্রশংসা করেন প্রতিমন্ত্রী। স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পরও বাংলাদেশের জন্য আরও তিন বছর অগ্রাধিকারমূলক বাজার সুবিধা অব্যাহত রাখার সিদ্ধান্তের জন্য কানাডাকে ধন্যবাদ জানান তিনি।
বাংলাদেশি নাগরিক, বিশেষ করে শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত করার অনুরোধ জানান শামা ওবায়েদ ইসলাম। অবৈধ অভিবাসন রোধে সরকারের অবস্থানের কথা তুলে ধরে তিনি বলেন, এতে দক্ষ অভিবাসনের সুযোগ আরও বাড়বে।
রোহিঙ্গা সংকটে কানাডার অব্যাহত সমর্থনের গভীর প্রশংসা করেন প্রতিমন্ত্রী। আন্তর্জাতিক বিচার আদালতে চলমান মামলায় কানাডার সহযোগিতার জন্য ধন্যবাদ জানান তিনি।
মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে, ১৯ নভেম্বরের আন্তর্জাতিক বিচার আদালতের রায় পুরোপুরি বাস্তবায়নে এবং প্রত্যাবাসন শেষ না হওয়া পর্যন্ত মানবিক সহায়তা অব্যাহত রাখতে কানাডার সমর্থন চান শামা ওবায়েদ ইসলাম।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন