মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬,

সাইবার সুরক্ষা আইন সংশোধনের খসড়া নিয়ে উন্নয়ন সহযোগীদের পরামর্শ সভা

জাতীয় ডেস্ক

নভেম্বর ২৪, ২০২৬, ০৬:২১ পিএম

সাইবার সুরক্ষা আইন সংশোধনের খসড়া নিয়ে উন্নয়ন সহযোগীদের পরামর্শ সভা

সাইবার সুরক্ষা (সংশোধন) আইন ২০২৬-এর খসড়া চূড়ান্ত করার লক্ষ্যে কূটনৈতিক মিশনের প্রধান এবং উন্নয়ন অংশীদারদের প্রতিনিধিদের সঙ্গে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এই সভা হয়।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামের সভাপতিত্বে সভায় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে ফকির মাহবুব আনাম বলেন, বাংলাদেশের সাইবার নিরাপত্তা আইন কাঠামোকে এমনভাবে শক্তিশালী করতে চাই, যাতে নাগরিক ও গুরুত্বপূর্ণ অবকাঠামো সুরক্ষিত থাকে এবং একই সঙ্গে মৌলিক অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা ও আন্তর্জাতিক মানদণ্ড রক্ষা পায়।

অর্থনীতি ও সরকারি সেবা দ্রুত ডিজিটালাইজড হচ্ছে, যার সঙ্গে সাইবার হুমকির পরিসর ও জটিলতাও বাড়ছে। অতীতের কিছু আইন প্রণয়ন প্রক্রিয়া দেশের অভ্যন্তরে ও আন্তর্জাতিক অংশীদারদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছিল বলে উল্লেখ করে তিনি জানান, বর্তমান সরকার সেই উদ্বেগ দূর করে স্বচ্ছ ও ভারসাম্যপূর্ণ আইন প্রণয়নে প্রতিশ্রুতিবদ্ধ। ডিজিটাল নিরাপত্তা ও নাগরিক স্বাধীনতার মধ্যে সঠিক ভারসাম্য রক্ষা করে আইন তৈরি এককভাবে সম্ভব নয় বলেই এই পরামর্শ সভার আয়োজন।

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, সরকার কোনো জটিল বা অস্বচ্ছ প্রক্রিয়া চায় না। যে বিষয়গুলো সহজ ও স্বচ্ছভাবে সমাধান করা সম্ভব, সেগুলো সেভাবেই করা হচ্ছে।

বাণিজ্যিক স্বার্থ বা অন্য কোনো প্রভাব যেন প্রক্রিয়াকে প্রভাবিত না করে, সেদিকে পূর্ণ নজর রাখার কথা জানিয়ে তিনি প্রযুক্তির অপব্যবহার রোধে এ সংশোধন জরুরি বলে মন্তব্য করেন। নাগরিক অধিকার সুরক্ষায় সরকারের অঙ্গীকার তুলে ধরে তিনি বলেন, আইন প্রয়োগে অপব্যবহার রোধে সুপ্রিম কোর্টের জুডিশিয়াল রিভিউসহ পর্যাপ্ত প্রতিকার ব্যবস্থা রয়েছে, আর মানবাধিকার কমিশনকে তার স্বাধীন তদারকির ভূমিকা অক্ষুণ্ন রাখতে কমিটির বাইরে রাখা হয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, সাইবার নিরাপত্তা শুধু জাতীয় বিষয় নয়, এটি বৈশ্বিক চ্যালেঞ্জ। আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতাকে সম্মান করার কথা জানান তিনি।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ মতপ্রকাশের স্বাধীনতা ও ভিন্নমতের প্রতি শ্রদ্ধা নিশ্চিত করাকে সরকারের অঙ্গীকার হিসেবে উল্লেখ করেন। তাঁর মতে, কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর সাইবার অপরাধ বর্তমান বিশ্বের অন্যতম বড় চ্যালেঞ্জ, যা মোকাবিলায় সাইবার নিরাপত্তা, ব্যক্তিগত ও আর্থিক তথ্যের সুরক্ষা এবং ডিজিটাল অবকাঠামোকে সমন্বিতভাবে শক্তিশালী করতে হবে। আন্তর্জাতিক উত্তম চর্চা অনুসরণ করে বেসরকারি খাত, নাগরিক সমাজ ও উন্নয়ন সহযোগীদের মতামত নিয়ে সরকার কাজ করছে বলেও জানান তিনি।

পরামর্শ সভায় যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড ও জাতিসংঘের বিভিন্ন সংস্থাসহ উন্নয়ন সহযোগীরা মতামত ও সুপারিশ তুলে ধরেন।

উন্মুক্ত পরামর্শ প্রক্রিয়াকে স্বাগত জানিয়ে তারা বলেন, কার্যকর সাইবার নিরাপত্তা ও মতপ্রকাশের স্বাধীনতা একসঙ্গে নিশ্চিত করা সম্ভব। সাংবাদিকদের গ্রেফতারের আগে আদালতের অনুমতির বিধানসহ খসড়ার ইতিবাচক পরিবর্তনগুলোর প্রশংসা করে তারা গুজব, অপতথ্য ও মানহানিসংক্রান্ত ধারাগুলো আরও সুনির্দিষ্ট করার এবং মানহানির ক্ষেত্রে অ-ফৌজদারি প্রতিকারের সুপারিশ করেন।

কনটেন্ট ব্লকিংয়ে ট্রাইব্যুনালের অনুমোদন, স্বাধীন বিচারিক পর্যালোচনা, সব ধরনের সাংবাদিকের সুরক্ষা, সংবাদসূত্রের গোপনীয়তা এবং সৎ বিশ্বাসে করা সাংবাদিকতার জন্য আইনি রক্ষাকবচ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন উন্নয়ন সহযোগীরা।

সভায় মানহানি, হেয় প্রতিপন্ন ও সাইবার বুলিংয়ের বিষয়গুলো পৃথকভাবে বিবেচনা করে সংশ্লিষ্ট ধারা পুনর্বিন্যাসের প্রস্তাব এবং সাইবার স্পেসের সংজ্ঞা আরও সুনির্দিষ্ট করার বিষয়ে আলোচনা হয়।

জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সির মহাপরিচালক ড. মো. তৈয়বুর রহমান সভায় সাইবার সুরক্ষা (সংশোধন) আইন ২০২৬-এর খসড়া উপস্থাপন করেন। সভায় আইসিটি বিভাগের সচিব মো. মামুনুর রশীদ ভূঞা, কূটনৈতিক মিশনের প্রধান, উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।