শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬,

সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয়: তথ্য উপদেষ্টা

জাতীয় ডেস্ক

সেপ্টেম্বর ২৬, ২০২৬, ০৪:৩৮ পিএম

সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয়: তথ্য উপদেষ্টা

প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্তভাবে পাস হয়নি উল্লেখ করে এতে প্রয়োজনীয় পরিবর্তন ও সংশোধনের সুযোগ রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় এ সংক্রান্ত এক আলোচনা সভায় তিনি এ কথা জানান। বাংলাদেশ জার্নালিস্টস কাউন্সিল (বিজেসি) প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী, পর্যালোচনা ও সুনির্দিষ্ট প্রস্তাবনা নিয়ে এই মতবিনিময় সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্য উপদেষ্টা উল্লেখ করেন, আইনটি নিয়ে এখনও বিভিন্ন অংশীজনদের সাথে আলোচনা, পর্যালোচনা ও পর্যালোচনার ভিত্তিতে পরিবর্তনের পথ সম্পূর্ণ খোলা রয়েছে। ডা. জাহেদ উর রহমান বলেন, এমন একটি সাইবার আইন প্রণয়ন করা প্রয়োজন যা দেশের নাগরিকদের ডিজিটাল সুরক্ষা নিশ্চিত করবে। নাগরিক সুরক্ষার পাশাপাশি ইন্টারনেটে অপতথ্য ও গুজব ছড়িয়ে পড়া রোধে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর জোর দেন তিনি। এই সংকট মোকাবিলায় সাধারণ মানুষের মাঝে মিডিয়া লিটারেসি বা গণমাধ্যম সচেতনতা বৃদ্ধির তাগিদ দেন উপদেষ্টা।

অনলাইন সংবাদমাধ্যমের পরিবর্তিত প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, বর্তমান সময়ে অনলাইনভিত্তিক সাংবাদিকতার নানা নতুন ধরন তৈরি হয়েছে। একই সঙ্গে অনলাইন কনটেন্টের আর্থিক লেনদেন ও মনিটাইজেশনের বিষয়গুলো সামনে আসায় এগুলোকেও একটি সুনির্দিষ্ট নীতিমালার কাঠামোর আওতায় আনা প্রয়োজন।

গুজব ও মিথ্যাচার বন্ধে আইন প্রয়োগের ক্ষেত্রে নিরপেক্ষতার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

ডা. জাহেদ উর রহমান স্পষ্ট করেন, অপতথ্য ও বিভ্রান্তি ছড়ানোর ঘটনায় আইনি কাঠামো সবার ক্ষেত্রে সমভাবে প্রয়োগ হওয়া উচিত। কোনো ধরনের পক্ষ-বিপক্ষ বিবেচনা না করে আইনের বিধান অনুযায়ী একই নীতিতে নিরপেক্ষ ব্যবস্থা গ্রহণ করতে হবে।