নভেম্বর ১২, ২০২৬, ০২:০৬ পিএম
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে ভিডিও তৈরির প্রযুক্তিতে নতুন আপডেট নিয়ে এসেছে গুগল। প্রতিষ্ঠানটির নতুন মডেল ‘জেমিনি ওমনি ১.২ ফ্ল্যাশ’ দিয়ে এখন থেকে সর্বোচ্চ ১৫ সেকেন্ডের ভিডিও তৈরি করা সম্ভব।
আগের সংস্করণে সর্বোচ্চ ১০ সেকেন্ডের ভিডিও তৈরির সুযোগ ছিল। শুধু ভিডিওর দৈর্ঘ্য বাড়ানোই নয়, ভিডিও তৈরির খরচও কমিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠানটি। গুগলের তথ্য অনুযায়ী, ৭২০পি রেজল্যুশনের ভিডিও তৈরিতে আগের তুলনায় ৩০ শতাংশ কম খরচ হবে। গত ৫ নভেম্বর নতুন এই এআই মডেলটি উন্মোচন করে গুগল। বর্তমানে গুগল ক্লাউড ও জেমিনি এপিআইয়ের মাধ্যমে এটি ব্যবহার করা যাচ্ছে।
নতুন মডেলে ভিডিওর দৈর্ঘ্য বাড়ানোর পাশাপাশি সম্পাদনা, ছবির সামঞ্জস্য এবং কথোপকথনের মাধ্যমে নির্দেশনা দেওয়ার সুবিধাও উন্নত করা হয়েছে। গুগল জানিয়েছে, নতুন মডেল দিয়ে তিন থেকে ১৫ সেকেন্ড পর্যন্ত ভিডিও তৈরি করা যাবে। এক সেকেন্ড করে সময় বাড়ানো বা কমানোর সুযোগও রয়েছে। ৭২০পি রেজল্যুশনে প্রতি সেকেন্ডের ভিডিও তৈরিতে খরচ পড়বে সাত সেন্ট। অর্থাৎ, ১৫ সেকেন্ডের একটি ভিডিও তৈরিতে ব্যয় হবে এক ডলার পাঁচ সেন্ট। প্রয়োজন অনুযায়ী ভিডিওর মান পরে ১০৮০পি কিংবা চারকে রেজল্যুশনেও নেওয়া যাবে।
নতুন মডেলটির অন্যতম আকর্ষণ কথোপকথনের মাধ্যমে ভিডিও সম্পাদনার সুবিধা। ভিডিও তৈরির পর আলাদা করে জটিল সম্পাদনার পরিবর্তে নির্দেশ দিয়েই পটভূমি, আলোর ধরন কিংবা ক্যামেরার ফ্রেম পরিবর্তন করা যাবে। গুগলের দাবি, নতুন মডেলে মানুষের মুখ, পণ্যের প্যাকেজিং ও ব্র্যান্ডের রঙের সামঞ্জস্য আগের চেয়ে ভালো থাকবে। পাশাপাশি সংলাপ ও ঠোঁটের নড়াচড়ার মধ্যেও আরও স্বাভাবিক মিল পাওয়া যাবে। এ সুবিধা অনলাইন ব্যবসা, বিজ্ঞাপন নির্মাতা ও বিপণন প্রতিষ্ঠানগুলোর জন্য বিশেষভাবে কাজে আসতে পারে। পণ্যের ছবি ব্যবহার করেই ছোট বিজ্ঞাপন কিংবা পণ্যের প্রদর্শনীমূলক ভিডিও তৈরি করা সম্ভব।
শুধু অর্থের বিনিময়ে নয়, নির্দিষ্ট সীমার মধ্যে বিনা খরচেও ভিডিও তৈরির সুযোগ রেখেছে গুগল। গুগল অ্যাকাউন্ট ও ওয়ার্কস্পেস ব্যবহারকারীরা ‘গুগল ভিডস’-এর মাধ্যমে প্রতি মাসে সর্বোচ্চ তিনটি ১৫ সেকেন্ডের ভিডিও তৈরি করতে পারবেন। যোগ্য সাবস্ক্রিপশন থাকলে এর চেয়ে বেশি সুবিধা পাওয়ার সুযোগ রয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন