নভেম্বর ১২, ২০২৬, ১২:৩৩ পিএম
গণসংগঠনগুলোকে আরও জনবান্ধব ও জনসম্পৃক্ত করার অভিপ্রায়ে দিনাজপুরের বোচাগঞ্জে বিভিন্ন সম্ভাবনাময় গণসংগঠনের সক্রিয় অংশগ্রহণে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সকাল ১১টায় বোচাগঞ্জ উপজেলাধীন বকুলতলাস্থ ইশানিয়া ইউনিয়ন ফেডারেশনের হলরুমে এই সভাটি অনুষ্ঠিত হয়।
জেলার অন্তত দশটি ফেডারেশনের নেতৃবৃন্দ এই সভায় নিজ নিজ সংগঠনের সক্ষমতা বৃদ্ধি ও সক্রিয়করণের ওপর গুরুত্বারোপ করে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন এবং নিজ নিজ কর্মপরিকল্পনা নির্ধারণ করেন। ইশানিয়া ইউনিয়ন ফেডারেশনের সভাপতি আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বোচাগঞ্জের আটগাঁও ইউনিয়ন ফেডারেশনের সভাপতি মো. মমিনুল হক, রনগাঁও ফেডারেশনের সভাপতি মো. আজহারুল ইসলাম, অর্থ সম্পাদক করিমুল ইসলাম, নাফানগর ফেডারেশনের সাধারণ সম্পাদক মাজেদুর রহমান পাপ্পু, মুশিদহাট ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. আব্দুল হাকিম, কাহারোল উপজেলার রসুলপুর ইউনিয়ন ফেডারেশনের সভাপতি হোসন্তিকা রায়, বীরগঞ্জের মোহনপুর ফেডারেশনের সভাপতি প্রণতি মুর্মু, পাল্টাপুর ফেডারেশনের সভাপতি গীতা রাণী, সুজালপুর ফেডারেশনের সভাপতি মোছা. তহমিনা বেগম, দিনাজপুর সদর উপজেলার শেখপুরা ইউনিয়ন ফেডারেশনের সভাপতি রেণু শর্মা এবং বোচাগঞ্জের ইশানিয়া ফেডারেশনের কার্যকরী সদস্য আনারুল সরকার ও আব্দুর রশীদ প্রমুখ।
সভায় অতিথি হিসেবে উপস্থিত থেকে ফেডারেশনসমূহকে আরও জনসম্পৃক্ততা বৃদ্ধি করে জনবান্ধব সংগঠনে পরিণত করার লক্ষে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন আরডিআরএস বাংলাদেশের টিম লিডার-সোশ্যাল ডেভেলপমেন্ট খ. ম. রাশেদুল আরেফিন এবং প্রকল্প সমন্বয়কারী মো. মতিউর রহমান। সমন্বয় সভাটি সঞ্চালনা করেন আরডিআরএস বাংলাদেশের দিনাজপুর জেলায় দায়িত্বরত সিবিও পার্টনারশিপ ম্যানেজার মোহাম্মদ জিল্লুর রহমান।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন