সেপ্টেম্বর ২১, ২০২৬, ০৭:৪৭ পিএম
দিনাজপুরের বোচাগঞ্জ থানা পরিদর্শন ও গ্রাম পুলিশের চৌকিদার প্যারেড পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মো. জেদান আল মুসা। পরিদর্শনকালে তিনি গ্রাম পুলিশ সদস্যদের সালাম গ্রহণ করেন এবং স্থানীয় পর্যায়ের নিরাপত্তা ব্যবস্থা সুসংহত রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
তৃণমূল পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং মাদক ও সন্ত্রাসবিরোধী কার্যক্রমে গ্রাম পুলিশ সদস্যদের আরও আন্তরিক ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন পুলিশ সুপার। বিশেষ করে মাদক কারবার, চুরি, ডাকাতি, ছিনতাই ও যেকোনো নাশকতামূলক কর্মকাণ্ডের তথ্য গোপন না রেখে দ্রুত থানা পুলিশকে জানানোর আহ্বান জানান তিনি। একই সঙ্গে মাঠপর্যায়ে অপরাধ নিয়ন্ত্রণে থানা পুলিশের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার তাগিদ দেন।
থানায় কর্মরত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ নিষ্ঠা ও পেশাদারিত্ব নিয়ে কাজ করতে হবে। দায়িত্ব পালনে কোনো প্রকার অবহেলা বরদাশত করা হবে না বলেও স্মরণ করিয়ে দেন তিনি।
পরিদর্শন শেষে পুলিশ সুপার থানার আনুষ্ঠানিক পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন। এরপর বোচাগঞ্জ থানা চত্বরে একটি গাছের চারা রোপণ করেন তিনি। এ সময় কাহারোল সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মনিরুজ্জামান, বোচাগঞ্জ থানার বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও সদস্য এবং স্থানীয় দফাদার ও চৌকিদাররা উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন