অক্টোবর ৮, ২০২৬, ০৮:৩৬ পিএম
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা সীমান্তে বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৯২ বোতল বিক্রয় নিষিদ্ধ মাদকজাতীয় সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের ৫০০ গজ ভেতরে এই চালান উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত ১২টা ১০ মিনিটে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীনস্থ পরমেশ্বরপুর সীমান্ত ফাঁড়ির (বিওপি) একটি বিশেষ টহল দল এই অভিযান চালায়। উপজেলার সীমান্ত পিলার ৩৩২/৭-এস সংলগ্ন পরমেশ্বরপুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এসব নিষিদ্ধ সিরাপ উদ্ধার করা হয়।
অভিযান পরিচালনাকারী বিজিবি সূত্র জানায়, উদ্ধারকৃত ৯২ বোতল বিক্রয় নিষিদ্ধ সিরাপের আনুমানিক সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ২৭ হাজার ৬০০ টাকা। টহল দলের উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে ঘটনাস্থল থেকে আটক করা সম্ভব হয়নি।
জব্দকৃত মাদকদ্রব্যের বিষয়ে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। এর পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত পলাতক ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে সীমান্ত এলাকায় গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখা হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো ধরনের মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। সীমান্ত এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি এ ধরনের সাঁড়াশি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন