বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬,

বোচাগঞ্জে মাদক ও স্মার্টফোন আসক্তিকে শিক্ষার্থীদের লাল কার্ড

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ১৮, ২০২৬, ১১:০১ পিএম

বোচাগঞ্জে মাদক ও স্মার্টফোন আসক্তিকে শিক্ষার্থীদের লাল কার্ড

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় মাদক, কিশোর অপরাধ এবং স্মার্টফোনের অতিরিক্ত আসক্তি রোধে শিক্ষার্থীদের নিয়ে বিশেষ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সেতাবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই আয়োজন করা হয়। টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শিক্ষার্থীদের অংশগ্রহণে মুখর ছিল এই সচেতনতা সভা।অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোচাগঞ্জ উপজেলার সহকারী কমিশনার ভূমি সাজিদ তানভী শোভন। তিনি তরুণ প্রজন্মকে সুস্থ ধারায় ফিরিয়ে আনতে এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

এ সময় বিশেষ অতিথির বক্তব্যে বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান শিক্ষার্থীদের আইন মেনে চলার ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকার আহ্বান জানান। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল।

আলোচনা শেষে শিক্ষার্থীদের উন্নত চরিত্র গঠন এবং মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহার থেকে বিরত থাকার শপথ পাঠ করান কাওসার আলম সোহেল। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘ দেড় দশক ধরে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে তারা।