নভেম্বর ৪, ২০২৬, ০২:২২ পিএম
তৃণমূল পর্যায়ে মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করতে বর্তমান বাংলাদেশ সরকার অত্যন্ত প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছেন স্থানীয় সরকার রংপুর বিভাগের পরিচালক (যুগ্ম সচিব) মো: আবু জাফর। বুধবার (৪ নভেম্বর) দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুল (বাংলা স্কুল) প্রাঙ্গণে বিনামূল্যে চোখ পরীক্ষা এবং ছানি অপারেশন ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
গাউসুল আযম বিএনএসবি আই হসপিটাল দিনাজপুরের আয়োজনে, দিনাজপুর পৌরসভার ব্যবস্থাপনায় এবং পিকেএসএফ ও অরবিস ইন্টারন্যাশনালের সহযোগিতায় এই সুসংগঠিত চক্ষু শিবিরের আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মো: আবু জাফর আরও বলেন, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশে কেউ অন্ধ থাকবে না বলে তিনি আশ্বস্ত করছেন। সাধারণ মানুষকে চোখের প্রতি যত্নশীল হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, যার চোখের আলো নেই তার কাছে পুরো পৃথিবী অন্ধকার। তাই চোখের যেকোনো সমস্যায় দ্রুত চিকিৎসকের নিকট উপস্থিত হয়ে যথাযথ যত্ন নেওয়া প্রয়োজন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান ও সঞ্চালনার দায়িত্ব পালন করেন গাউসুল আযম বিএনএসবি আই হসপিটালের সাধারণ সম্পাদক ডা: চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী। আয়োজিত সুধী সমাবেশে দিনাজপুর জেলা প্রশাসক মো: রফিকুল ইসলাম সভাপতিত্ব করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য উপস্থাপন করেন দিনাজপুর পৌরসভার প্রশাসক শেখ হাফিজুর রহমান, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা: মো: গোলাম রসুল রাখি, উপজেলা নির্বাহী অফিসার মো: রুহুল আমিন শরীফ এবং দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুলের প্রধান শিক্ষক মো: দেলোয়ার হোসেন।
অনুষ্ঠানে দিনাজপুর পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মো: মুজিবর রহমান, নির্বাহী প্রকৌশলী মো: মিনারুল ইসলাম এবং সহকারী প্রকৌশলী মীর তফাজ্জল হোসেন উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো: রফিকুল ইসলাম বলেন, বয়সের সাথে সাথে প্রত্যেকের চোখের বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। একই সাথে শিশুদের পুষ্টিকর খাবার দেওয়া ও নিয়মিত চোখের যত্ন নেওয়ার প্রতি অভিভাবকদের পরামর্শ দেন তিনি।
পৌর প্রশাসক শেখ হাফিজুর রহমান তার বক্তব্যে শরীরের প্রতি অঙ্গের সুস্বাস্থ্য রক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানান।
স্বাগত বক্তব্যে গাউসুল আযম বিএনএসবি আই হসপিটালের সাধারণ সম্পাদক ডা: চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী জানান, জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় তারা শিগগিরই বোচাগঞ্জ উপজেলাকে সম্পূর্ণ `ছানিমুক্ত উপজেলা` হিসেবে ঘোষণা করতে যাচ্ছেন। একই সাথে পর্যায়ক্রমে বিশেষ চক্ষু ক্যাম্পের মাধ্যমে জেলার প্রতিটি উপজেলায় এই স্বাস্থ্য সেবা সম্প্রসারণ করা হবে।
পুরো বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি চিকিৎসা কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন গাউসুল আযম বিএনএসবি আই হসপিটালের অ্যাসিস্ট্যান্ট আউটরিচ অফিসার মো: হামিদুর রহমান।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন