নভেম্বর ৪, ২০২৬, ০২:৪২ পিএম
আগামী ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশেষ স্মারক ডাকটিকেট অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিবসটির তাৎপর্য তুলে ধরে বুধবার (৪ নভেম্বর) সকালে ১০ টাকা মূল্যমানের এই বিশেষ স্মারক ডাকটিকেট আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করেন তিনি। একই অনুষ্ঠানে স্মারক ডাক টিকেটের পাশাপাশি ১০ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম এবং ৫ টাকা মূল্যমানের একটি ডেটা কার্ডও অবমুক্ত করেন প্রধানমন্ত্রী।
বুধবার সকালে বাংলাদেশ সচিবালয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয় ও দফতরে এক অনাড়ম্বর আনুষ্ঠানিকতার মাধ্যমে এই ডাকসামগ্রী অবমুক্ত করা হয়। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান সরাসরি স্মারক ডাকটিকেট ও উদ্বোধনী খামে স্বাক্ষর করেন এবং বিশেষ সিলমোহর ব্যবহার করে তা আনুষ্ঠানিকভাবে অবমুক্তির অনুমোদন দেন।
সচিবালয়ে আয়োজিত এই অবমুক্তকরণ কর্মসূচিতে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ফকির মাহবুব আনাম উপস্থিত ছিলেন। তাছাড়া অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. কামরুজ্জামান এবং বাংলাদেশ ডাক বিভাগের মহাপরিচালক কাজী আসাদুল ইসলামসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন