নভেম্বর ৩, ২০২৬, ১১:০৬ পিএম
খ্রিস্টান সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব বড়দিন উদযাপনে আবেদনের চেয়ে এক কোটি টাকা বেশি অনুদান বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে দুই কোটি টাকা চাওয়া হলেও প্রধানমন্ত্রী তিন কোটি টাকা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
সোমবার (২ নভেম্বর) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের পাঠানো এক সারসংক্ষেপে এই বর্ধিত অনুদানের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, আগামী ২৫ ডিসেম্বর খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব `বড়দিন ২০২৬` দেশজুড়ে উদযাপিত হবে। এই উপলক্ষে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বিশেষ আর্থিক সহায়তা বরাদ্দের আনুষ্ঠানিক প্রস্তাব উত্থাপন করা হয়েছিল।
মন্ত্রণালয়ের সারসংক্ষেপে উল্লেখ করা হয়, উৎসবটি সামনে রেখে খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের তত্ত্বাবধানে দেশের বিভিন্ন অঞ্চলে ধর্মীয় অনুষ্ঠান আয়োজন এবং সামাজিক কল্যাণমূলক নানা উদ্যোগ হাতে নেওয়া হয়েছে। বিগত বরাদ্দের ধারাবাহিকতা বজায় রেখে চলতি ২০২৬ সালের জন্যও দুই কোটি টাকা বরাদ্দের সুপারিশ জানিয়ে প্রধানমন্ত্রীর সদয় অনুমোদন চাওয়া হয়।
তবে প্রধানমন্ত্রী সারসংক্ষেপ পর্যালোচনা করে প্রস্তাবিত দুই কোটি টাকার পরিবর্তে তিন কোটি টাকা অনুদান হিসেবে ছাড়ের নির্দেশ দেন।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি মোস্তফা জুলফিকার হাসান আনুষ্ঠানিক ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন