বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬,

চিরিরবন্দরে ভূমি অফিসে জাল কাগজ দেখিয়ে নামজারি চেষ্টার অভিযোগে আটক ২

এনামুল মবিন(সবুজ)

নভেম্বর ৪, ২০২৬, ১১:৩৫ পিএম

চিরিরবন্দরে ভূমি অফিসে জাল কাগজ দেখিয়ে নামজারি চেষ্টার অভিযোগে আটক ২

ছবি: দিনাজপুর টিভি

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা ভূমি অফিসে ভুয়া ওয়ারিশ কাগজপত্র ব্যবহার করে জমির নামজারি বা খারিজ করানোর চেষ্টার সময় দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চিরিরবন্দর থানায় সোপর্দ করা হয়।

বুধবার (৪ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলা ভূমি অফিসে একটি মিস কেসের শুনানির সময় এই জালিয়াতির ঘটনা ধরা পড়ে।

আটক ব্যক্তিরা হলেন হাফিজ উদ্দিনের ছেলে আরাফাত হোসেন এবং শমসের আলীর ছেলে ফজলার রহমান। তাদের উভয়ের পারিবারিক নিবাস পার্শ্ববর্তী জেলার খানসামা উপজেলার কুমড়িয়া গ্রামে।

উপজেলা ভূমি অফিস সূত্র জানায়, শুনানির কার্যক্রমে দাখিল করা ওয়ারিশন কাগজপত্র যাচাই-বাছাইকালে সেগুলো সম্পূর্ণ ভুয়া ও জাল বলে প্রতীয়মান হয়। মিস কেসের শুনানিকালে এই জালিয়াতির বিষয়টি স্পষ্টভাবে উন্মোচিত হলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানা আফরোজ তাৎক্ষণিকভাবে অভিযুক্ত আরাফাত হোসেন ও ফজলার রহমানকে আটক করার নির্দেশ দেন। পরবর্তীতে তাদের পুলিশে সোপর্দ করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর নবী জানান, উপজেলা ভূমি অফিসে জালিয়াতি ও জাল কাগজপত্র প্রদর্শনের অভিযোগে আটক দুই ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।