অক্টোবর ২৮, ২০২৬, ১০:৪৭ পিএম
দিনাজপুরের চিরিরবন্দরে যাত্রীবাহী বাসের ধাক্কায় আলহাজ্ব খলিলুর রহমান নামের এক মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার (২৮ অক্টোবর) বেলা ১১টার দিকে চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর বাজারে দিনাজপুর-রংপুর মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত আলহাজ্ব খলিলুর রহমানের বয়স ৭০ বছর। তিনি পার্শ্ববর্তী খানসামা উপজেলার ভাবকী ইউনিয়নের কুমড়িয়া গ্রামের মছিরত চেয়ারম্যান পাড়ার মৃত ফজলুর রহমানের ছেলে। তিনি স্থানীয়ভাবে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে করে রানীরবন্দর বাজারের দিকে যাচ্ছিলেন খলিলুর রহমান।
দিনাজপুর থেকে রংপুরগামী আশরাফী ট্রাভেলস নামের একটি গেটলক যাত্রীবাহী বাস রানীরবন্দর বাজার এলাকায় পৌঁছালে তার মোটরসাইকেলটিকে পেছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় তিনি মোটরসাইকেল থেকে ছিটকে মহাসড়কের ওপর পড়ে যান এবং গুরুতর জখম হন।
দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন এগিয়ে এসে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করেন।
দ্রুত তাকে সৈয়দপুর ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন দশমাইল হাইওয়ে থানার উপপরিদর্শক আতিক। তিনি জানান, ঘটনার সাথে জড়িত আশরাফী ট্রাভেলসের বাসটিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে দুর্ঘটনার পরপরই বাসের চালক ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যান। চালককে শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন