বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬,
অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ

সিঙ্গাপুরকে হারিয়ে গ্রুপের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২৮, ২০২৬, ১০:১৪ পিএম

সিঙ্গাপুরকে হারিয়ে গ্রুপের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ

সিঙ্গাপুরকে হারিয়ে আন্তর্জাতিক ফুটবলে নতুন সাফল্য দেখাল বাংলাদেশের কিশোর ফুটবলাররা। বুধবার আজারবাইজানের রাজধানী বাকুতে চলমান ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে নাটকীয় টাইব্রেকারে সিঙ্গাপুরকে ৪-৩ ব্যবধানে পরাজিত করেছে বাংলাদেশ। এই জয়ের সুবাদে টুর্নামেন্টের ‘ই’ গ্রুপের কোয়ার্টার ফাইনালে নিজেদের স্থান নিশ্চিত করল লাল-সবুজের দল।

নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে অমীমাংসিত থাকলে ম্যাচটি সরাসরি টাইব্রেকারে গড়ায়। স্নায়ুচাপ সামলে সেখানে লক্ষ্যভেদ করে মাঠ ছাড়েন বাংলাদেশের কিশোররা।

একই দিন অপর ম্যাচে সেশেলসের মুখোমুখি হয়েও জয়ের হাসি হাসে বায়েজিদ-রাতুলরা।

শেষ ৩২-এর প্লেট পর্বের সেই লড়াইয়ে সেশেলসকে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হারায় বাংলাদেশ। নির্ধারিত ৪০ মিনিটের রোমাঞ্চকর লড়াইটি শেষ হয়েছিল ১-১ সমতায়।

ম্যাচের ২৮তম মিনিটে দুর্দান্ত এক গোলে দলকে এগিয়ে নিয়েছিলেন রাতুল। তবে নির্ধারিত সময়ের বাকি অংশে প্রতিপক্ষ ম্যাচে সমতা ফেরালে খেলা নিষ্পত্তির জন্য টাইব্রেকারের ওপর নির্ভর করতে হয়। সেখানে নৈপুণ্য দেখিয়ে জয় নিশ্চিত করে লাল-সবুজ প্রতিনিধিরা।

চলতি আসরে এটি বাংলাদেশের সাত ম্যাচের মধ্যে তৃতীয় জয়।

ওয়েলসের বিপক্ষে গোলশূন্য ড্র দিয়ে আসরে শুভসূচনা করেছিল দল। পরের ম্যাচে পর্তুগালের কাছে ৩-১ ব্যবধানে হার দেখতে হয় তাদের। তৃতীয় ম্যাচে ইন্দোনেশিয়ার সঙ্গে ১-১ গোলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে কিশোররা।

পরবর্তী ম্যাচে বুরুন্ডির কাছে ২-০ ব্যবধানে পরাজিত হলেও দ্রুত ছন্দ ফিরে পায় দলটি। ফিজিকে ৩-১ গোলে উড়িয়ে টুর্নামেন্টের প্রথম জয় তুলে নেয় বাংলাদেশ। এরপর সেশেলস ও সিঙ্গাপুরকে পর পর দুই ম্যাচে টাইব্রেকারে হারিয়ে সাফল্যের ধারা অব্যাহত রাখল বাংলাদেশের ছেলেরা।