বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬,
বিদ্যুৎ বিভ্রাট

বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে টানা সাড়ে ৯ ঘণ্টা

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২৮, ২০২৬, ০৮:১৯ পিএম

বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে টানা সাড়ে ৯ ঘণ্টা

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল থেকে বিকাল পর্যন্ত টানা সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে ঢাকার ধামরাইয়ের বিস্তীর্ণ এলাকায়। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর ধামরাই জোনাল কার্যালয় এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে বিদ্যুৎ সংযোগ সাময়িক স্থগিত রাখার এই তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা ৩০ মিনিট পর্যন্ত বাড়াড়িয়া (একমি) ৩৩ কিলোভোল্ট ও ধামরাই উপকেন্দ্রের আওতাধীন বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ সংযোগ সাময়িক বিচ্ছিন্ন থাকার তালিকায় রয়েছে ছোট চন্দ্রাইল, বড়চন্দ্রাইল, খাত্রা, ছয়বাড়ীয়া, বাড়ীগাঁও, বাশাইল, কুল্লা, জলসীন ও তালতলা। এছাড়া ইসলামপুর, কুমড়াইল, হাসপাতাল রোড, নতুন দক্ষিণপাড়া, থানা কমপ্লেক্স এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় বিদ্যুৎ সরবরাহ থাকবে না।

একই সাথে আমিন মডেল টাউন, বরাতনগর, বরাত সেন্টার, ধানসিঁড়ি আবাসিক এলাকা ও ঢুলিভিটায় বিদ্যুৎ সেবা সাময়িকভাবে স্থগিত থাকবে।

ধামরাই জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার লিপিয়া খাতুন জানান, ৩৩ কিলোভোল্ট লাইনের তার উন্নীতকরণ ও জরুরি রক্ষণাবেক্ষণ কাজের স্বার্থেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।