বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬,
আইসিসি র‍্যাংকিং আপডেট

আইসিসি র‍্যাংকিংয়ে শীর্ষে ফিরলেন অভিষেক

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২৮, ২০২৬, ০৯:২৭ পিএম

আইসিসি র‍্যাংকিংয়ে শীর্ষে ফিরলেন অভিষেক

আইসিসির সদ্য প্রকাশিত সাপ্তাহিক হালনাগাদ র‍্যাংকিংয়ে আন্তর্জাতিক ক্রিকেটে বড় ধরনের রদবদল ঘটেছে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ব্যাটারদের শীর্ষস্থান পুনরুদ্ধার করেছেন ভারতের বিস্ফোরক ওপেনার অভিষেক শর্মা। অন্যদিকে টেস্ট ক্রিকেটে এক সপ্তাহের ব্যবধানে বিশ্বের এক নম্বর বোলার ও এক নম্বর অলরাউন্ডারের জোড়া মুকুট নিজের করে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার পেস তারকা মার্কো জানসেন।

ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচে মাত্র ৩৫ বলে বিধ্বংসী সেঞ্চুরি উপহার দেন অভিষেক। শেষ পর্যন্ত ৩৮ বলে ১১৩ রানের টর্নেডো ইনিংসে ভর করে ভারত ম্যাচটি ৬ উইকেটে জিতে সিরিজ নিজেদের করে নেয়।

এই পারফরম্যান্সের সুবাদে জাতীয় দলের সতীর্থ ঈশান কিষানকে টপকে আবারও কুড়ি ওভারের ফরম্যাটে বিশ্বের এক নম্বর ব্যাটারের স্থান দখল করলেন এই বাঁহাতি। চলতি বছরের জুলাইয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের পর ঈশান শীর্ষে উঠে এসেছিলেন। এর আগে ২০২৫ সালের জুলাইয়ে অস্ট্রেলিয়ার ট্র্যাভিস হেডকে সরিয়ে প্রথমবারের মতো শীর্ষস্থান ছুঁয়েছিলেন অভিষেক।

একই হালনাগাদে লাল বলের ক্রিকেটে ঐতিহাসিক সাফল্য স্পর্শ করেছেন দক্ষিণ আফ্রিকার ২৬ বছর বয়সী তারকা মার্কো জানসেন।

অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ম্যাচে প্রথম ইনিংসে বল হাতে ৫ উইকেট এবং ব্যাট হাতে ৮৫ রান করে দক্ষিণ আফ্রিকার জয়ে মুখ্য ভূমিকা পালন করেন তিনি। এই অর্জনের ফলে টেস্ট অলরাউন্ডারদের তালিকায় চার বছরেরও বেশি সময় ধরে শীর্ষে থাকা ভারতের রবীন্দ্র জাদেজার রাজত্ব অবসান ঘটিয়ে প্রথমবারের মতো এক নম্বরে উঠেছেন জানসেন।

বোলারদের তালিকায় অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার মিচেল স্টার্ককে পাঁচ ধাপ পেছনে ফেলে শীর্ষে আসীন হয়েছেন তিনি। ব্যাটারদের তালিকাতেও ১৩ ধাপ এগিয়ে ৫৬তম স্থানে অবস্থান নিয়েছেন প্রোটিয়া এই পেসার। দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা পেসার ডেল স্টেইন সম্প্রতি তাকে বর্তমান বিশ্বের সেরা ক্রিকেটার আখ্যা দিয়ে ভূয়সী প্রশংসা করেছিলেন।

টেস্ট ব্যাটারদের ক্রমতালিকায় দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা চার ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ১৭৯ রানের দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচসেরা হন তিনি, যার বদৌলতে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা ফেরে। টেস্ট ব্যাটারদের মধ্যে বাভুমার ওপরে অবস্থান করছেন কেবল ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক।

অস্ট্রেলিয়ান পেসার স্কট বোল্যান্ড তিন ধাপ এগিয়ে টেস্ট বোলারদের তালিকায় ষষ্ঠ স্থানে উঠে এসেছেন। দক্ষিণ আফ্রিকার অফ স্পিনার সাইমন হার্মার ১৫ ধাপ এগিয়ে টেস্ট অলরাউন্ডারদের তালিকায় অষ্টম স্থান নিশ্চিত করেছেন।

কুড়ি ওভারের ফরম্যাটে ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটার সাঞ্জু স্যামসন ছয় ধাপ এগিয়ে ২০তম স্থানে এবং নিউজিল্যান্ডের ওপেনার ফিন অ্যালেন তিন ধাপ এগিয়ে ২৫তম স্থানে উঠে এসেছেন। বোলারদের তালিকায় কিউই স্পিনার মিচেল স্যান্টনার সাত ধাপ এগিয়ে সপ্তমে এবং ভারতের পেসার অর্শদীপ সিং ছয় ধাপ এগিয়ে ১৫তম স্থানে অবস্থান নিয়েছেন।

একদিনীয় আন্তর্জাতিক ক্রিকেটেও উল্লেখযোগ্য পরিবর্তন দেখা গেছে। পাকিস্তান, ইংল্যান্ড ও শ্রীলঙ্কার মধ্যকার ত্রিদেশীয় সিরিজের পারফরম্যান্সে ভর করে ব্যাটারদের তালিকায় অগ্রগতি পেয়েছেন ইংল্যান্ডের বেন ডাকেট ও হ্যারি ব্রুক।

ওডিআই বোলারদের শীর্ষ দশে উঠে এসেছেন তিনজন বোলার। পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি দুই ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে অবস্থান নিয়েছেন। আফগানিস্তানের অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই ১৩ ধাপ এগিয়ে সপ্তম এবং নামিবিয়ার বার্নার্ড স্কলৎজ নয় ধাপ এগিয়ে অষ্টম স্থানে স্থান করে নিয়েছেন। এছাড়া ওয়ানডে অলরাউন্ডারদের তালিকায় পাঁচ ধাপ এগিয়ে আফগানিস্তানের অভিজ্ঞ ক্রিকেটার মোহাম্মদ নবী তৃতীয় স্থানে পৌঁছেছেন।