অক্টোবর ২৮, ২০২৬, ০৯:৫৮ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরে উপকূলীয় নিরাপত্তা সক্ষমতা জোরদারে টহল জাহাজ দেওয়ার অনুদান চুক্তিসহ দুই দেশের মধ্যে মোট চারটি সহযোগিতা স্মারক সই হয়েছে।
একই সাথে বাংলাদেশের গুরুত্বপূর্ণ দুটি উন্নয়ন প্রকল্পে ৪ হাজার ৬৫৬ বিলিয়ন জাপানি ইয়েন ঋণ সহায়তার আনুষ্ঠানিক প্রতিশ্রুতি দিয়েছে টোকিও।
টোকিওর বাংলাদেশ দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দ্বিপক্ষীয় এসব অর্থনৈতিক ও কৌশলগত অর্জনের বিস্তারিত তথ্য তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
উপকূলীয় জলসীমার নিরাপত্তা জোরদারে বাংলাদেশকে টহল জাহাজ সরবরাহে অনুদান সহায়তা দেবে জাপান।
এ চুক্তির আওতায় জাপান সরকার অনুদান হিসেবে বাংলাদেশকে সর্বোচ্চ ২১২ কোটি ইয়েন প্রদান করবে, যা মার্কিন মুদ্রায় প্রায় ১৩ দশমিক ৪৪ মিলিয়ন ডলারের সমপরিমাণ।
বাণিজ্য ও বিনিয়োগ পরিবেশের মানোন্নয়নে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এবং বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব ও অভ্যন্তরীণ ব্যবসায়িক পরিবেশের সার্বিক উন্নয়ন বিষয়ক একটি সহযোগিতার স্মারক স্বাক্ষরিত হয়।
কৃষি উৎপাদন ও মানবসম্পদের দক্ষতা বৃদ্ধির বিষয়েও দুই দেশের মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে। জাপানের কৃষি, বন ও মৎস্য মন্ত্রণালয়ের সঙ্গে বাংলাদেশের কৃষি মন্ত্রণালয়ের মধ্যে পারস্পরিক সহযোগিতা এবং দক্ষতা উন্নয়ন কর্মসূচির মাধ্যমে দুই দেশের মধ্যে কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে একটি পৃথক সহযোগিতার স্মারক সই হয়।
পাশাপাশি জাপানের কৃষি, বন ও মৎস্য মন্ত্রণালয়ের সঙ্গে বাংলাদেশের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মধ্যেও একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
পরিবেশ সুরক্ষায় যৌথ উদ্যোগের অংশ হিসেবে জাপানের পরিবেশ মন্ত্রণালয় এবং বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মধ্যে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সহযোগিতার বিষয়ে একটি প্রাথমিক সমঝোতাপত্র বা লেটার অব ইনটেন্ট সই হয়েছে।
দ্বিপক্ষীয় বৈঠকে উন্নয়ন অংশীদারত্বে দুটি বৃহৎ প্রকল্পে ৪ হাজার ৬৫৬ বিলিয়ন ইয়েনের অর্থায়ন প্রতিশ্রুতি নিশ্চিত করা হয়েছে।
এর মধ্যে বিনিয়োগের পরিবেশ উন্নয়ন প্রকল্পের অনুকূলে ১ হাজার ৫৮৮ বিলিয়ন ইয়েন বা ১০০ দশমিক ৮ মিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ ঋণ সহায়তা দেবে জাপান।
অন্যদিকে স্থানীয় সরকার ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে চলমান ‘উপজেলা গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট (ফেজ ২)’-এর জন্য ৩ হাজার ৬৮ বিলিয়ন ইয়েন বা ১৯৪ দশমিক ৭ মিলিয়ন মার্কিন ডলার ঋণ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে জাপান সরকার।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন