বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬,

সকালে স্বামীর মৃত্যুর পর বিকালে স্ত্রীর মৃত্যু

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২৮, ২০২৬, ১১:০৬ পিএম

সকালে স্বামীর মৃত্যুর পর বিকালে স্ত্রীর মৃত্যু

স্বামীর মৃত্যুর শোক সইতে না পেরে মস্তিষ্কে রক্তক্ষরণ বা স্ট্রোকে আক্রান্ত হয়ে স্ত্রীরও মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার (২৮ অক্টোবর) ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার বন্দগোয়ালীয়া পুরাতন বাজার এলাকায় একই দিনে কয়েক ঘণ্টার ব্যবধানে স্বামী ও স্ত্রীর এই বিদায়ের ঘটনা ঘটে।

মৃতরা হলেন বন্দগোয়ালীয়া এলাকার মো. আলিম উদ্দিনের মেজো ছেলে মোহাম্মদ আলী ওরফে মুহাম মিস্ত্রি এবং তার স্ত্রী সেলিনা খাতুন। মোহাম্মদ আলীর বয়স হয়েছিল ৫৭ বছর এবং তার স্ত্রী সেলিনা খাতুনের বয়স ৪৬ বছর।

স্থানীয় বাসিন্দা ও পারিবারিক সূত্রে জানা গেছে, মোহাম্মদ আলী কিছুদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন।

বুধবার সকাল সোয়া ১০টার দিকে নিজ বাড়িতে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিনের জীবনসঙ্গীকে হারানোর পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েন স্ত্রী সেলিনা খাতুন।

স্বামীর মৃত্যুর গভীর শোক সামলাতে না পেরে একই দিন বিকালের দিকে সেলিনা খাতুন আকস্মিক স্ট্রোক করেন এবং মৃত্যুর কোলে ঢলে পড়েন বলে পরিবারের সদস্যরা নিশ্চিত করেছেন।

মাগরিবের নামাজের পর বন্দগোয়ালীয়া পুরাতন বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় মুসল্লিদের উপস্থিতিতে স্বামী-স্ত্রীর যৌথ জানাজা সম্পন্ন হয়।

মৃত সেলিনা খাতুনের বাবার বাড়ি উপজেলার তারাটি ইউনিয়নের জয়বাংলা বাজার এলাকায়। একই দিনে কয়েক ঘণ্টার ব্যবধানে দুজনের মৃত্যুতে গোটা পরিবার ও আত্মীয়স্বজনের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠক সাঈদ জামান জানান, মোহাম্মদ আলী এলাকায় একজন অত্যন্ত ভদ্র ও বিনয়ী মানুষ হিসেবে পরিচিত ছিলেন এবং তার স্ত্রীও ছিলেন অত্যন্ত অমায়িক ও ভালো মনের অধিকারী। এলাকায় এই দম্পতির যথেষ্ট সুনাম ছিল।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের মাধ্যমে স্বামী ও স্ত্রীর মৃত্যুর খবর তারা পেয়েছেন। এ বিষয়ে কোনো অস্বাভাবিকতা নেই এবং তারা দুজনই স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছেন।