অক্টোবর ২৮, ২০২৬, ১০:৩৩ পিএম
দিনাজপুরে নৈতিকতা ও মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় শিক্ষার্থীদের কুরআন সবক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) দিনাজপুর শহরের ঈদগাহ বস্তি জামে মসজিদ প্রাঙ্গণে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে এই অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর ইমাম প্রশিক্ষণ একাডেমির উপপরিচালক মোঃ শামীম সিদ্দিক। প্রধান আলোচক ছিলেন দিনাজপুর ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান। এ ছাড়া বক্তব্য রাখেন দিনাজপুর ইসলামিক ফাউন্ডেশন মৌশিক কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ আইনুল ইসলাম।
দিনাজপুর ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোঃ শহীদুল্লাহর সভাপতিত্বে ও ফিল্ড অফিসার তৌহিদুল ইসলামের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন শাহী জামে মসজিদের খতিব মাওলানা শওকত আলী এবং আলহাজ্ব আব্দুস সালাম হজ্ব গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুস সালাম।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অংশ নেন ঈদগাহ বস্তি জামে মসজিদের সভাপতি মোঃ মঞ্জুরুল ইসলাম, সদস্য মীর মোস্তাফিজুর রহমান দুলাল, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মোঃ আকতারুল ইসলাম, সাধারণ কেয়ারটেকার শামছুল হক ও নজরুল ইসলাম। পাশাপাশি শিক্ষক মাহমুদুল হাসান ও শিক্ষিকা রুমা পারভীন তাদের মতামত তুলে ধরেন।
পবিত্র কুরআন তেলাওয়াত ও হামদ-নাত পরিবেশনের মধ্য দিয়ে আয়োজনের সূচনা ঘটে।
আলোচনা পর্ব শেষে প্রধান অতিথিসহ উপস্থিত অতিথিরা শিক্ষার্থীদের হাতে পবিত্র কুরআন তুলে দিয়ে কুরআন সবকের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
বক্তারা বলেন, কোমলমতি শিশুদের মনে শৈশব থেকেই সঠিক ধর্মীয় অনুশাসন, নৈতিক মূল্যবোধ ও সততার শিক্ষা প্রোথিত করতে পারলে তারা ভবিষ্যতে মানবিক গুণসম্পন্ন আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠবে। মসজিদভিত্তিক শিক্ষা কার্যক্রম এ ক্ষেত্রে প্রশংসনীয় ভূমিকা রাখছে।
অনুষ্ঠানে শিক্ষকবৃন্দ, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরিশেষে দেশ ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন