বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬,

প্রবীণরা দেশ ও জাতির মূল্যবান সম্পদ: দিনাজপুরের জেলা প্রশাসক

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২৮, ২০২৬, ০৭:২৬ পিএম

প্রবীণরা দেশ ও জাতির মূল্যবান সম্পদ: দিনাজপুরের জেলা প্রশাসক

ছবি: দিনাজপুর টিভি

প্রবীণরা দেশ ও জাতির মূল্যবান সম্পদ বলে মন্তব্য করেছেন দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসন চত্বরে অবস্থিত প্রবীণ হিতৈষী সংঘের অস্থায়ী কার্যালয়ে সংগঠনটির সদস্যদের মাঝে পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, প্রবীণদের মূল্যায়ন ও যথাযথ সম্মান জানানো সমাজের প্রতিটি মানুষের নৈতিক দায়িত্ব। বয়োজ্যেষ্ঠদের দীর্ঘ জীবনের বাস্তব অভিজ্ঞতা সমকালীন সমাজ ও ব্যক্তিজীবনে সঠিক পথ নির্দেশনায় বিশেষ গুরুত্ব বহন করে।

অনুষ্ঠানে প্রবীণ হিতৈষী সংঘের প্রবীণ সদস্যদের হাতে প্রবীণ নাগরিকের পরিচয়পত্র তুলে দেওয়া হয়।

প্রবীণ হিতৈষী সংঘ দিনাজপুর জেলা শাখার সভাপতি ও বিশিষ্ট চিকিৎসক ডাঃ চৌধুরী মোসাদ্দেকুল ইজদানীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক একেএম মেহেরুল্লাহ বাদল।

সভায় শুভেচ্ছা বক্তব্য তুলে ধরেন সংগঠনের সহসভাপতি ডাঃ রইছ উদ্দীন আহম্মেদ, মাহামুদুন নবী চৌধুরী এবং কামারুজ্জামান লাইজু। এছাড়া বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ মোঃ নুরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম, নির্বাহী সদস্য আরমিনা হোসেন রুমু, ডাঃ হাফিজ উদ্দিন, আমির খশরু ও মোস্তাফিজুল ইসদানী। অনুষ্ঠানে অংশ নিয়ে আরও বক্তব্য দেন আজীবন সদস্য মোঃ ফজলে রাব্বি তুষার, নাজমা মশির, নুরে ছাবা এবং মোঃ আলী জিন্নাহ।

সভাপতির বক্তব্যে ডাঃ চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী প্রবীণদের জন্য চিকিৎসা সহায়তা ও বিনোদনমূলক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বিদ্যমান আবাসন সংকটের চিত্র তুলে ধরেন। তিনি জেলা প্রশাসকের কাছে আবেদন জানিয়ে বলেন, তাদের বর্তমান কার্যালয় কক্ষটির পরিধি বাড়াতে অতিরিক্ত জায়গা বরাদ্দ দেওয়া অত্যন্ত জরুরি।

সাধারণ সম্পাদক একেএম মেহেরুল্লাহ বাদল বলেন, নবীন ও প্রবীণদের পারস্পরিক সমন্বয়ে একটি মানবিক ও সুন্দর পৃথিবী গড়ে তোলা সম্ভব। যেখানে সমাজের নীতি-নৈতিকতা, সুশিক্ষা এবং গুরুজনদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের পরিবেশ বজায় থাকবে। সেই লক্ষ্য সামনে রেখেই প্রবীণ হিতৈষী সংঘ প্রবীণদের সার্বিক কল্যাণ ও অধিকার রক্ষায় কাজ চালিয়ে যাচ্ছে।